জঙ্গিবাদের বিরুদ্ধে ও মান্নার মুক্তির দাবিতে মানববন্ধন
জঙ্গিবাদের বিরুদ্ধে ও নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। তিনি বলেন, বহুদিন ধরে মান্নাকে কারাবন্দী করে রাখা হয়েছে। তাঁর বিচারও করা হয় না আবার কারাগারে রাখা হয়েছে। ফলে, এটা একটা ষড়যন্ত্রের মতো মনে হচ্ছে।
আজ রাজধানীর প্রেসক্লাবে বেলা সাড়ে ১১টায় নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত এক মানববন্ধনে খালেকুজ্জামান এ কথা বলেন। সাম্প্রতিক জঙ্গিবাদের বিরুদ্ধে ও নাগরিক ঐক্যের নেতা মান্নার মুক্তির দাবিতে এই মানববন্ধন আয়োজন করা হয়। শুরুতেই পুলিশ মানববন্ধন করতে বাধা দেয়। পরে নাগরিক ছাত্র ঐক্যের নেতা-কর্মীরা শাহবাগ থানার অনুমতি নিয়ে মানববন্ধন শুরু করেন।
খালেকুজ্জামান বলেন, এই ধরনের বাধা দেওয়া কার্যকলাপ বন্ধ না হলে সরকারের প্রতি মানুষের আস্থা দিনের পর দিন নষ্ট হবে এবং সন্ত্রাসবিরোধী যত অঙ্গীকার করুন না কেন, তার কোনো গুরুত্ব বা অর্থ থাকবে না মানুষের কাছে।
মানববন্ধনে নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান বলেন, জঙ্গিবাদ জাতীয় ইস্যু। প্রয়োজনে জাতীয় স্বার্থে জাতীয় সংলাপের আয়োজন করা হোক। এই উদ্যোগ সরকারকেই নিতে হবে। তিনি বলেন, ‘আমাদের মানববন্ধন অত্যন্ত শান্তিপূর্ণ। অথচ আমাদের বাধা দেওয়া হয়। এর আগের দিনও বাধা দেওয়া হয়েছে।’