জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপির অবস্থান কঠোর: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁদের অবস্থান অত্যন্ত কঠোর ও খুবই স্পষ্ট। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর দেশব্যাপী এই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তার ঘটে। ২০০১ সালে নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পর তাঁর সরকার জঙ্গিবাদের এই সংকটের মুখোমুখি হয়। তিনি দাবি করেন, তখন তাঁরা জঙ্গিবাদ কঠোর হাতে দমন করেন।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি দাবি করেন, ‘আমরা কঠোর হাতে জঙ্গিবাদ দমন করি। জঙ্গি সংগঠনগুলোর নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে দেওয়া হয় এবং শীর্ষ জঙ্গিনেতাদের জীবিত অবস্থায় গ্রেপ্তার করে তাঁদের বিচার সম্পন্ন করা হয়। পরে তাঁদের শাস্তি কার্যকর করা হয়।’
বিএনপির চেয়ারপারসন বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। বাংলাদেশও এ থেকে বিচ্ছিন্ন নয়। সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে অগ্রসর হতে হবে। তিনি অভিযোগ করেন, ‘ঐক্যের সেই আহ্বান আমি বরাবর জানিয়ে আসছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের আহ্বান এখন পর্যন্ত চরমভাবে উপেক্ষিত ÿহয়ে আসছে।’
খালেদা জিয়া বলেন, কেবল দমন অভিযান চালিয়ে সমাজ থেকে জঙ্গিবাদের শিকড় উচ্ছেদ করা সম্ভব নয়। দু-একটি দমন অভিযানের সাফল্যে আত্মপ্রসাদ লাভ করারও কোনো সুযোগ নেই। মুসলিমপ্রধান এই দেশটিতে গণতন্ত্রহীনতা, জবাবদিহিহীন শাসন, দুর্নীতি, সুবিচারের অভাব এবং যুবসমাজের বেকারত্বই জঙ্গিবাদ বিস্তারের প্রধান কারণ। এই কারণগুলো দূর করতে হবে। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই কেন জঙ্গিবাদ এভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, তা নিয়ে প্রশ্ন থাকলেও আমরা এ প্রশ্ন কখনো তুলিনি এবং এ নিয়ে দোষারোপের রাজনীতিতেও লিপ্ত হইনি। বিশেষ কোনো সরকার বা দলের নয়, এটি একটি জাতীয় সমস্যা। তাই দোষারোপের রাজনীতি না করে সন্ত্রাস-জঙ্গিবাদের সমস্যাকে জাতীয়ভাবে মোকাবিলার জন্য আমি ÿক্ষমতাসীনদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি।’
খালেদা জিয়া সিলেটে একটি বাড়িতে অবস্থানরত সন্ত্রাসীদের দমনে অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের অভিনন্দন জানান। তিনি অভিযানে বিভিন্ন বাহিনীর যেসব সদস্য এবং সাধারণ মানুষ হতাহত হয়েছেন, তাঁদের প্রতি শোক ও সহানুভূতি জানিয়েছেন।