জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী চলমান জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে পদযাত্রা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ‘মানবতা ও স্বদেশ ভাবনায় রুখে দাঁড়াও জঙ্গিবাদ’ স্লোগানে গান-কবিতার মধ্য দিয়ে মিছিলটি আজ শনিবার বেলা তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে। মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে হাতিরঝিলের গুলশান প্রান্তে পদযাত্রা শেষ হয়।

প্রবল বৃষ্টি উপেক্ষা করেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শামিল হন জঙ্গিবাদবিরোধী এই পদযাত্রায়। সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে এ পদযাত্রার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের সঞ্চালনায় পদযাত্রার শুরুতে সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্য দেন জোটের সভাপতি গোলাম কুদ্দুস। তিনি বলেন, ‘এই বাংলাদেশ জঙ্গিবাদের দেশ না, এই বাংলাদেশ সাম্প্রদায়িক শক্তির দেশ না। হাজার বছর ধরে এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। এটাই বাংলাদেশের মূল পরিচয়।’ দেশের বিভিন্ন সংকটের সময় সাংস্কৃতিক কর্মীরা আন্দোলনের মাধ্যমে রুখে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এবারও জঙ্গিবাদের অপশক্তি রুখে দিতে তাঁরা ঐক্যবদ্ধ হয়েছেন।’

কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতা আবৃত্তির মাধ্যমে পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রা শেষে আলোচনায় অংশ নেন নাসির উদ্দিন ইউসুফ, রামেন্দু মজুমদার, মফিদুল হক, মোহাম্মদ সামাদ, ম হামিদ, রাখী দাশ পুরকায়স্থ।

গণসংগীত পরিবেশন করেন ফকির আলমগীর। নৃত্য পরিবেশন করে উদীচী।