জঙ্গিবাদের সঙ্গে আঁতাত মানে দেশ লিজ দেওয়া: ইনু

জঙ্গিবাদের সঙ্গে আঁতাত করা মানে দেশ লিজ দেওয়া বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ সোমবার সন্ধ্যায় রাজশাহীর গণকপাড়া মোড়ে জাসদ রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে এক জনসভায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি এ কথা বলেন।
‘জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমন, গণতন্ত্র-শান্তি ও উন্নয়নের ধারা এগিয়ে নিন’ স্লোগানে এ জনসভা আয়োজন করে জাসদ।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার ডানে জঙ্গি, বামে যুদ্ধাপরাধী, পেছনে আগুন সন্ত্রাস, সামনে সন্ত্রাসী।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন ২০১৯ সালে অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন বন্ধ করার সাধ্য কারও নাই।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সংলাপ হয় মানুষের সঙ্গে মানুষের। মানুষের সঙ্গে দানবের কোনো সংলাপ হতে পারে না। বিএনপি জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে দানবের দলে পরিণত হয়েছে। যাঁরা সংলাপের কথা বলছেন, তাঁরা আগে যুদ্ধাপরাধীর বিচারের কথা বলেন, আগুন সন্ত্রাসীদের কথা বলেন, জঙ্গিবাদের কথা বলেন। পরে নির্বাচন সংলাপের কথা বলেন।’
হাসানুল হক বলেন, ‘নিজামী-সাকা ধোয়া তুলসীপাতা নয়। তাদের বিচার হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলার খুনিদের বিচার হবে। তাদের কোনো মাফ নেই। বিচার নিয়ে কোনো শঙ্কা নেই।’
জেলা জাসদের সভাপতি মজিবুল হক বকুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জাসদের নগর সভাপতি প্রদীপ মৃধা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী, জেলা সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি প্রমুখ।