
বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবকে নির্বাচন ভন্ডুল করার প্রস্তাব বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘এটি নির্বাচন ভন্ডুল করার একটি চক্রান্তের পাতা ফাঁদ। সুতরাং আমরা এটা গ্রহণ করতে পারি না।’
গতকাল শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এক সমাবেশে হাসানুল হক ইনু এ কথা বলেন। দেশের বিভিন্ন এলাকা থেকে দলের নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন।
হাসানুল হক বলেন, ‘আমরা জঙ্গি ও সন্ত্রাসীদের এক নম্বর আপদ মনে করি। সে জন্য মহাজোটে আছি। জঙ্গিরা এত ভয়াবহ হতে পারত না, যদি বিএনপি এবং খালেদা জিয়া জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক ও সঙ্গী না হতো। সুতরাং জঙ্গি যদি এক নম্বর বিপদ হয়, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতির বড় বিপদ হচ্ছে জঙ্গির সঙ্গী বিএনপি এবং খালেদা জিয়া।’
ইনু বিএনপিকে জঙ্গি পৃষ্ঠপোষক ও সাম্প্রদায়িক দল হিসেবে উল্লেখ করে বলেন, যখনই তারা বিপদে পড়ে, তখনই তারা গণতন্ত্রের ছাতা তোলে, নির্বাচনকে ব্যবহার করে। আজকে যখন নির্বাচন সামনে, তখন খালেদা জিয়া ও বিএনপি নির্বাচন কমিশন ও নির্বাচন নিয়ে আরেকটি চক্রান্তের প্রস্তাব করেছে—তা হচ্ছে নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব।
জাসদের সভাপতি বলেন, এখন জঙ্গি দমনের যুদ্ধ চলছে। একই সঙ্গে দেশের অর্থনীতিতে মোড় বদলের ঘটনাও ঘটছে। এমন প্রেক্ষাপটে জাতির করণীয় কী? সেই প্রশ্ন তুলে সরকারের এই মন্ত্রী বলেন, এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান যেমন অপরিহার্য, তেমনি জঙ্গিবাদ ও জঙ্গির সঙ্গীকে রাজনীতির মাঠ থেকে বর্জন ও বিদায় করাও অপরিহার্য।
হাসানুল হক ইনু আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে ও নির্বাচনে মুক্তিযোদ্ধা আর রাজাকারদের মধ্যে মিউজিক্যাল চেয়ার খেলা চিরদিনের জন্য বন্ধ করতে হবে। বাংলাদেশের রাজনীতির মাঠে শুধু মুক্তিযোদ্ধারাই খেলবে।
সমাবেশে তথ্যমন্ত্রী সরকারের বিভিন্ন স্তরে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, উন্নয়ন চমৎকার হচ্ছে। কিন্তু উন্নয়নের সুফল গরিবের ঘরে যেতে হবে। পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি প্রমাণিত হলেও বিভিন্ন স্তরে দুর্নীতি হচ্ছে, দলবাজি হচ্ছে, ক্ষমতার অপব্যবহার হচ্ছে। এটা চলতে পারে না।
তথ্যমন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে পাকিস্তানি হেফাজত-জামায়াতের ভূতরা এখনো ক্রিয়াশীল। জাসদ পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। তিনি বলেন, ১৮ বছরের নিচে মেয়েদের এবং ২১ বছরের নিচে ছেলেদের বিয়ে দেওয়ার পক্ষে নয় জাসদ।
জাসদের সাম্প্রতিক ভাঙনের দিকে ইঙ্গিত করে দলের স্থায়ী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের কিছু নেতা বিভ্রান্ত হয়ে চলে গিয়েছেন। কিন্তু জাসদের নেতা-কর্মীরা বিভ্রান্ত হননি। এই সমাবেশ তার প্রমাণ। এই জাসদের নেতৃত্ব দিচ্ছেন হাসানুল হক ইনু। তিনি হচ্ছেন আমাদের কান্ডারি।’
উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটি গঠনকে কেন্দ্র করে জাসদ বিভক্ত হওয়ার পর এটাই ছিল দলের বড় সমাবেশ। গতকালের এই সমাবেশে আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক ও সাংসদ শিরীন আখতার, সাংসদ রেজাউল করিম তানসেন, কার্যকরী সভাপতি রবিউল আলম, সাবেক সাংসদ শাহ জিকরুল আহমেদ, দলের সহসভাপতি মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, হাবিবুর রহমান, আফরোজা হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী প্রমুখ।