জনগণ অনির্দিষ্টকাল ধৈর্য ধরবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রধান বিচারপতি এস কে সিনহার উদ্দেশে বলেছেন, ‘আপনি বলেছেন বিচার বিভাগ অনেক ধৈর্য ধরেছে। আমরা আওয়ামী লীগও অনেক ধৈর্য ধরেছি। দেশের মানুষ অনেক ধৈর্য ধরেছে। জনগণ অনির্দিষ্টকালের জন্য ধৈর্য ধরবে না।’

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতাকালে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। প্রধান বিচারপতির অপসারণের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব।

হাছান মাহমুদ প্রধান বিচারপতির উদ্দেশে আরও বলেন, শপথ ভঙ্গের অপরাধে, সংবিধান লঙ্ঘনের অপরাধে এবং রাষ্ট্রপতিকে খাটো করার অপরাধে আপনি পদত্যাগ করুন। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, লন্ডনে বসে খালেদা জিয়া আইএসসহ বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছেন। তাঁদের কোনো রাজনীতি নেই।