জনগণ আবারও আ.লীগকে ভোট দেবে, আশা নাসিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ শান্তি ও উন্নয়নের প্রতীক হিসেবে আওয়ামী লীগ সরকারকেই ভোট দিয়ে ক্ষমতায় আনবে। জামায়াত-বিএনপির জ্বালাও-পোড়াও ও হত্যাকাণ্ডের রাজনীতি দেশের জনগণ পছন্দ করে না।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানী রাজউক মাঠে গারোদের সবচেয়ে বড় উৎ​সব ‘ওয়ানগালা’ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এই উন্নয়নের ফসল ভোগ করার অধিকার দেশের জনগণের। এই উন্নয়নে আপনাদেরও অবদান রয়েছে। তিনি বলেন, ‘আপনারা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একনিষ্ঠ সমর্থক, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমরা সবাই অবগত আছি। ভবিষ্যতে স্বাস্থ্য খাতের বিভিন্ন পদের নিয়োগ কার্যক্রমে আপনাদের বিষয়টি বিশেষ বিবেচনা করা হবে।’

ঢাকাবাসী গারোদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাহী সদস্য রেমন্ড আরেং, সাংসদ জুয়েল আরেং, দ্য খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক সভাপতি গ্যাব্রিয়েল রোজারিও, নয়ানগর খ্রিষ্টান কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের সভাপতি মার্টিন এস পেরেইরা প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন শুভজিৎ​ সাংমা।