
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘জনসমর্থন আমাদের সাথে, জনগণ আমাদের সাথে। কেউ চান না এই হানাহানি চলুক। আমরা সকলে মিলে এদের নিশ্চিহ্ন করব। যত দিন পর্যন্ত এই পাকিস্তানপন্থীদের নিশ্চিহ্ন করা না যায়, তত দিন বাংলদেশের অস্তিত্ব সংকটের মধ্যে থাকবে।’
গতকাল শনিবার চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি-জামায়াতের তাণ্ডবের তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা’য় মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল নগর আওয়ামী লীগ।
নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দলের প্রচার সম্পাদক সাংসদ হাসান মাহমুদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
সভার শুরুতে ‘লুণ্ঠিত মানবতা’ শীর্ষক গত দুই মাসের নাশকতায় হতাহতদের ভিডিওচিত্র-সংবলিত ৩৫ মিনিটের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া মিলনায়তনের বাইরে দুই মাসে নাশকতায় হতাহতদের আহাজারি-সংবলিত বিভিন্ন পত্রিকার সচিত্র প্রতিবেদন প্রদর্শন করা হয়।
সভায় এইচ টি ইমাম বলেন, ‘বোমাবাজির বিরুদ্ধে সাধারণ মানুষ জেগে উঠেছে। ঢাকা শহরে মাত্র কয়েক দিনে পুলিশের চেয়ে সাধারণ মানুষের কাছে ধরা পড়ছে বোমা নিক্ষেপকারীরা। ২২২ জনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এদের অধিকাংশই ছাত্রদল ও শিবিরের লোক।’
তিনি আরও বলেন, ‘আমাদের বুঝতে বাকি নেই কারা এই কাজ করছে। যে নায়ক সে তো বসে আছে লন্ডনে। ওখান থেকে বসে একজন, আরেকজন এখানে ঘাপটি মেরে গর্তের ভেতর ঢুকে এসব কাজ করছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একাত্তরে যেভাবে আমরা এদের পরাজিত করেছিলাম, সেই চেতনা নিয়েই এদের বাংলার মাটি থেকে বিদায় করতে হবে।’ হাসান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত এখন আতঙ্কের নাম। খালেদা পেট্রলবোমার নেত্রী। আইএস তালেবান জঙ্গি নেতাদের সঙ্গে তাঁর কোনো পার্থক্য নেই। বিএনপি মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। একদিন দেশের আইনে তো বটেই আন্তর্জাতিক আইনেও এই মানবতাবিরোধী অপরাধের জন্য তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি নাশকতা প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।