জনগণ এবার ভোট দিতে না পারলে খেপে যাবে: নজরুল
আগামী জাতীয় নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এবার জনগণ ভোট দিতে না পারলে খেপে উঠবে। তিনি বলেন, জনগণ ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সরকার চায়। সরকার দায়িত্ব পালনে আরেকবার ব্যর্থ হলে জনগণ জেগে উঠবে।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ ইসলামিক পার্টি এ আলোচনার আয়োজন করে।
নজরুল ইসলাম খান সুষ্ঠু নির্বাচনের জন্য আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং সবার কাছে গ্রহণযোগ্য সাহসী ব্যক্তিদের নির্বাচন কমিশনে (ইসি) নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা বলি না, নির্বাচন কমিশনে আমাদের পছন্দের লোক নিয়োগ দিতে হবে। ইসি কারও লোক হবে না। যাঁদের নিয়োগ দেওয়া হবে, তাঁরা কেবল নির্বাচন কমিশনের লোক হবেন।’
ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান আজাহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
প্রধানমন্ত্রী চুপ কেন: গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘পদে পদে নারী লাঞ্ছনা, ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ও শাসক দলের অঙ্গ সংগঠনগুলোর পৈশাচিকতার এত সব ঘটনার পরও প্রধানমন্ত্রী নিশ্চুপ কেন?’
সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে রিজভী বলেন, সরকারের দুঃশাসন এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে শিশু ও নারী ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিভিন্ন স্থানে শাসক দলের ক্যাডারদের উৎপাতে ছেলেমেয়েরা স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। তিনি এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা খায়রুল কবির, মাসুদ আহমেদ তালুকদার, আজিজুল বারী, তাইফুল ইসলাম, বেলাল আহমেদ প্রমুখ।