জনগণ গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে আনবে: এমাজউদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমাজউদ্দীন আহমদ
এমাজউদ্দীন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ আশা প্রকাশ করেছেন, বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য জনগণ অচিরেই তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে আনবে।
আজ সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘সিটি করপোরেশন ইলেকশন ২০১৫: রিগিং অ্যান্ড ইরেগুলারেটিজ অ্যাট লার্জ’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এমাজউদ্দীন এ কথা বলেন। বইটি প্রকাশ করেছে বিগত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের প্ল্যাটফর্ম ‘আদর্শ ঢাকা আন্দোলন’। এমাজউদ্দীন এই সংগঠনের আহ্বায়ক ও বিএনপি সমর্থিত বুদ্ধিজীবী।
প্রকাশনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমাজউদ্দীন আরও বলেন, ২৮ এপ্রিলের সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা তাদের দুর্বলতার কারণে হারেনি। তারা হেরেছে ক্ষমতাসীনদের ভোট চুরি ও নির্বাচন কমিশনের প্রহসনের কারণে। তাদের ভূমিকার কারণে ওই নির্বাচনটি প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছিল।
প্রকাশিত বইয়ের মোট পৃষ্ঠা ১৬৯। নির্বাচনের পর দেশি-বিদেশি গণমাধ্যমে যেসব খবর ও ছবি ছাপা হয়েছিল তারই সংকলন এটি। বইটি প্রকাশের কারণ সম্পর্কে এমাজউদ্দীন বলেন, ২৮ এপ্রিলের ঘটনা যেন হারিয়ে না যায় সে জন্য বইটি প্রকাশ করা হয়েছে। কোনো গবেষক বা কোনো ব্যক্তি যদি ওই দিনের ঘটনা সম্পর্কে জানতে চায় তাহলে সে যেন তা খুঁজে পায় এ জন্য বইটি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, বই প্রকাশের উদ্দেশ্য কাউকে গালমন্দ করা নয়। তিনি মনে করেন বইটি একটি ঐতিহাসিক দলিল হিসেবে টিকে থাকবে।

অনুষ্ঠানে সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর স্ত্রী আফরোজা আব্বাস বলেন, ২৮ এপ্রিলের নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল অন্য রকম হতে পারতো। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়ার সার্থকতা হলো ক্ষমতাসীনরা কী করেছে তা দেশের মানুষ ও বিদেশিদের কাছে তুলে ধরা সম্ভব হয়েছে। তিনি বলেন, অনেকে বললেন তাঁকে ঢাকা মহানগর কমিটিতে আনা হচ্ছে। তিনি দাবি করেন, কমিটিতে আসার ইচ্ছে তার নেই। তিনি দলের জন্য কাজ করে যেতে চান।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।