জনগণ তিন সিটিতে আ.লীগকে জয়ী করবে: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ফাইল ছবি প্রথম আলো
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ফাইল ছবি প্রথম আলো

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচনে জনগণ আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে।
আজ শনিবার বিকেলে মাদারীপুর শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ৩০ জুলাই তিন সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নভাবে হবে। এ লক্ষ্যে সাধারণ ভোটার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। দেশের মানুষ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের প্রশংসা করেছে। এ জন্য দেশের উন্নয়ন ও দেশের মানুষের নিরাপত্তায় জনগণ সন্তুষ্ট।

বিএনপি সন্ত্রাসী দল দাবি করে শাজাহান খান বলেন, কানাডার আদালত বিএনপিকে তিনবার সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে এবং দেশের উচ্চ আদালত জামায়াত ইসলামীকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছেন। এতেই প্রমাণ হয়, বিএনপি ও জামায়াত সন্ত্রাসী দল। এরা দেশের উন্নয়নের ধারাকে বিনষ্ট করতে চায়। এমনকি দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়।

বড়পুকুরিয়ায় কয়লা দুর্নীতি বিষয় নিয়ে মন্ত্রী বলেন, কয়লা দুর্নীতিতে জড়িতরা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। কয়লা দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রমাণ পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কয়লা জাতীয় সম্পদ, এই জাতীয় সম্পদ যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের মাদারীপুরের উপপরিচালক মো. রাসেল সাবরিন, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদ প্রমুখ।