বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, জনগণ সব ক্ষমতার উৎস হলেও বর্তমানে সব ক্ষমতা র্যাব-পুলিশের হাতে। আওয়ামী লীগ তাদের সহযোগী হিসেবে কাজ করছে।
গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।
কমল একাডেমি নামের একটি সংগঠন ‘গণতন্ত্র বাঁচাতে পেশাজীবী-রাজনীতিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনার আয়োজন করে।
আবদুল্লাহ আল নোমান বলেন, দেশে আইনের শাসনের অনুপস্থিতিতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী অরাজকতা সৃষ্টি করেছে। সমগ্র জাতি এ সরকারকে ঘৃণা করে। কিন্তু গুম-হত্যার ভয়ে কেউ মুখে কিছু বলছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণ পেতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নুরুল আমিন বেপারী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মাইনুল আহসান।