জনগণ বলছে এটা নিকৃষ্ট বাজেট: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটকে তাঁর জীবনের শ্রেষ্ঠ বাজেট বলেছেন। কিন্তু জনগণ বলছে, এটা নিকৃষ্ট বাজেট।
আজ বুধবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এরশাদ এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘রংপুরে গিয়েছিলাম। মানুষ বলেছেন, ৫০ টাকা কেজি চাল। তাঁরা বাঁচবেন কী করে? সাধারণ মানুষ বাজেট নিয়ে মহা আতঙ্কে আছেন।’
এরশাদ বলেন, ব্যাংক খাতে লুটপাট হচ্ছে। বিদেশে অর্থ পাচার হচ্ছে। কেন তাঁদের নাম প্রকাশ করা হয় না? তাঁরা কি এতই শক্তিশালী? সরকারের চেয়েও?
শক্তিশালী শেয়ারবাজার ছাড়া অর্থনীতি শক্তিশালী করা সম্ভব নয় বলে মনে করেন এরশাদ। তিনি বলেন, শেয়ারবাজারেও লুট হয়েছে। ২০১০ সালের ধসের পর অনেক লোক আত্মহত্যা করেছেন।
বর্তমান সরকারের আমলে শিক্ষকেরা পর্যন্ত নকল সরবরাহ করেছেন বলে অভিযোগ এরশাদের। তিনি বলেন, ‘সমাজ কোথায় গেছে, ভাবতেই ঘৃণা হয়।’