জনগণও খুশি, আমরাও খুশি: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রাজধানীর মগবাজার-মৌচাক উড়ালসড়ক-সংশ্লিষ্ট সড়কের সংস্কারকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন জনগণের পক্ষ থেকে আর কোনো অভিযোগ নেই। জনগণও খুশি, আমরাও খুশি।’
আজ বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট সড়কের সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
সংস্কারকাজের অগ্রগতি দেখে ওবায়দুল কাদের বলেন, ‘আমি ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলাম। ১০ দিন নয়, সাত দিনেই তারা রাস্তা সংস্কার করে ফেলেছে।’
মন্ত্রী বলেন, ‘জনদুর্ভোগের কথা শুনে আমি কয়েকবার এই ফ্লাইওভার এলাকাটি পরিদর্শন করেছি। জনগণের দুর্ভোগ শোচনীয় অবস্থায় ছিল। টানা বর্ষণের কারণে তা আরও বেড়ে গিয়েছিল। এ জন্য এই প্রকল্প পরিচালকের নেতৃত্বে ঢাকা সিটি করপোরেশন, ওয়াসা ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করেছিলাম।’ নির্দিষ্ট সময়ের মধ্যে সড়ক সংস্কার করতে পারায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
এর আগে মন্ত্রী বলেছিলেন, ১০ দিনের মধ্যে মগবাজার-মৌচাক উড়ালসড়ক-সংশ্লিষ্ট রাস্তা চলাচলের উপযোগী করা না হলে প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করবেন তিনি। সে অনুযায়ী আজ কাজের অগ্রগতি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকায় মেট্রো রেলের বাস্তব (ফিজিক্যাল) কাজ আগামী বছরের জুন মাসে শুরু হবে। মেট্রো রেলের ১৫টি স্টেশন থাকবে।
এ ছাড়া ২০১৫ সালের জুন মাসে বাংলামোটর থেকে মগবাজার পর্যন্ত উড়ালসড়কের কাজ শেষ হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।