জনগণকে আ. লীগের কাছে ফিরতে হবে

আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করছে তাতে আগামী নির্বাচনে জনগণকে আওয়ামী লীগের কাছে ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার রাতে চাঁদপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমু বলেন, জনগণই আওয়ামী লীগকে নির্বাচিত করবে। জনগণের অন্য কোনো দলের কাছে যাওয়ার সুযোগ নেই। দেশের সব সোনালি অর্জন শেখ হাসিনার আমলেই হয়েছে। এ অর্জনের কথা নিয়ে আমাদের সকলের কাছে যেতে হবে।
শিল্পমন্ত্রী আমু বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফসলি জমি কমে যাওয়ার পরও দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কোনো মানুষ না খেয়ে থাকছে না। আজ দেশের উন্নয়নের যে চেহারা সারা বিশ্ব তা দেখছে। আগে আমাদের বাজেট নির্ভর করত বিশ্বব্যাংকের সাহায্যের ওপর। আজ আমরা তাদের বাদ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করছি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামছুল ভূঁইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী প্রমুখ।