জনগণকে আতঙ্কিত না করতে গণমাধ্যমের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান
জনগণ আতঙ্কিত হয় এমন সংবাদ পরিবেশন না করতে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতি ফেস করছি। এ অবস্থায় আমরা জনগণকে আতঙ্কগ্রস্ত করব না। জনগণ যেন আতঙ্কিত না হয়, সেদিকে আপনাদের দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। জনগণকে আশ্বস্ত করুন। ’
সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম জানান, বার্ন ইউনিট যেন সুষ্ঠুভাবে সেবা দিতে পারে, সরকার তা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। গত কয়েক দিনে বার্ন ইউনিটে ১৫ জন চিকিৎসক ও ১৪ জন নার্স দেওয়া হয়েছে। সব ধরনের ওষুধের পর্যাপ্ত জোগান আছে। এ পর্যন্ত সোয়া কোটি টাকার ওষুধ দেওয়া হয়েছে, আরও ১০ হাজার প্যাকেট স্যালাইন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বার্ন ইউনিটে আজ পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৮৭ জন, এখনো ভর্তি আছেন ৪৮ জন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, উপজেলা পর্যায় পর্যন্ত সব চিকিৎসক যেন পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসা দিতে পারেন, সে জন্য একটি নির্দেশনা তৈরি করা হচ্ছে। দ্রুতই তা সব জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। মেডিকেল কলেজে এমবিবিএস পাঠ্যক্রমেই এ বিষয়ের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পড়ানো হয়। তাই প্রাথমিক চিকিৎসাটুকু দেওয়া সম্ভব। জনগণকে সচেতন করতে ইলেকট্রনিক মিডিয়ায় সচেতনতামূলক বার্তা প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। তিনি দগ্ধ মানুষের পুনর্বাসনে বিত্তশালী মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মুস্তাফিজুর রহমান, মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।