জনগণকে প্রতিপক্ষ বানিয়ে হত্যাযজ্ঞ খালেদার: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাজাহান খান
শাজাহান খান

বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া নিরীহ জনগণকে প্রতিপক্ষ বানিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।
আজ বুধবার সকালে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলনে শাজাহান খান এ মন্তব্য করেন। তিনি বলেন, জনসম্পৃক্ততা না থাকলে জঙ্গিগোষ্ঠীর কায়দায় চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বিএনপি-জামায়াত জোট।
সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌমন্ত্রী বলেন, ‘হরতাল-অবরোধে নিরীহ মানুষ হত্যার পাশাপাশি এসএসসি ও শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংসের জন্য পরীক্ষা চলাকালে তিনি হরতাল-অবরোধ করছেন, অথচ নিজের দুই নাতনিকে পরীক্ষা দেওয়ার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছেন।’
শাজাহান খানের অভিযোগ, চোরাগোপ্তা হামলায় দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে। মানুষ দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়েছে।
এ সময় চলমান নাশকতার বিরুদ্ধে সমন্বয় পরিষদের দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন মন্ত্রী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার বেলা পৌনে একটা থেকে একটা পর্যন্ত দেশের শ্রমিক-কর্মচারী-ছাত্র-শিক্ষক সর্বস্তরের মানুষ নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। এরপর বেলা একটায় রেল, সড়ক, নৌপথে চলাচলকারী সব ধরনের যানবাহনে এক মিনিট হর্ন বাজিয়ে প্রতিবাদ জানানো হবে।
শাজাহান খান জানান, আগামী শনিবার বিকেল তিনটায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভবন অডিটোরিয়ামে সমন্বয় পরিষদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। সেখানে গণ-আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।