জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা খালেদার: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিচারব্যবস্থাকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সংবাদ সম্মেলন ডেকে মিথ্যাচারের মাধ্যমে মায়াকান্না করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে বিএনপির নিজেদের লোক আছে, এ কথা বলে আইনের বরখেলাপ করে উসকানি দিচ্ছে বিএনপি।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া যখন বললেন প্রশাসনে, সেনাবাহিনী ও পুলিশে তাঁর লোক আছে—কর্মীদের অভয় দিয়েছেন, তাহলে বিএনপি নেতারা কী নিয়ে ভয় পাচ্ছেন? এ প্রশ্নের উত্তর নেই। এত সেনাবাহিনী, পুলিশ আর প্রশাসন থাকলে তো অসুবিধা নেই। খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের আশ্বস্ত করেছেন, এখানে তাঁর লোক আছে—অভয় দিয়ে তিনি কেন এখন ভয় পাচ্ছেন?

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের রাজনৈতিক শক্তি হিসেবে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে যতটুকু করা দরকার, ততটুকু করবে। আওয়ামী লীগ কোনো সংঘাত, ষড়যন্ত্রে বিশ্বাস করে না। তিনি বলেন, ‘আমরা দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণকে বিএনপির সন্ত্রাস, দুর্নীতি, নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এ যাবৎ অনেক মামলার রায় হয়েছে, কিন্তু একটি মামলার রায়কে কেন্দ্র করে এ দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ সঞ্চার করা হয়েছে, জনমনে উদ্বেগ এবং আতঙ্কের সৃষ্টি করা হয়েছে—এটি কি আমাদের ইতিহাসে কখনো ঘটেছে? মামলা আদালতের বিষয়। আদালতের অঙ্গন থেকে মামলা কেন রাজনীতির মাঠে চলে এল? এটা তো আগে কখনো ঘটেনি।’

ওবায়দুল ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে নির্মূল করার কোনো বাসনা আমাদের নেই। খালেদা জিয়ার ওপর এ পর্যন্ত বোমা হামলা হয়নি। শেখ হাসিনার ওপর বারবার হামলা হয়েছে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, করব না। বিএনপি বাইরে জনগণের মাঝে কোনো সভা করে না। তারা ঘরের কোণে বসে, কয়েকটা “প্যাথলজিক্যাল লায়ার” (স্বভাবজাত মিথ্যাবাদী), এই “প্যাথলজিক্যাল লায়ার”-এর কাজই হচ্ছে সারা দিন মাইক্রোফোন সামনে নিয়ে মিথ্যাচার করা। এখন তাদের কথাবার্তা, আচার-আচরণে মনে হচ্ছে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের এ ধরনের বক্তব্য যুদ্ধ ঘোষণার শামিল। আমরা দেশবাসীর কাছে এর বিচার চাই।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ভীত হবে কেন? খালেদা জিয়া যদি বেকসুর খালাস পান, তাহলে অসুবিধা কোথায়? তাহলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে। সেখানে বড় দল হিসেবে বিএনপিও অংশগ্রহণ করুক—সেটা আমরা চাই। প্রতিদ্বন্দ্বী ছাড়া আমরা ফাঁকা মাঠে গোল দেব, সেই চিন্তা আমরা করি না।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কেন খালেদা জিয়া এসব করছেন? তিনি কি ধরেই নিয়েছেন তাঁর বিরুদ্ধে রায় হবে? বিরুদ্ধে রায় হলে তো হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ আছে। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। এ সময় তিনি হেসে বলেন, ‘রাষ্ট্রপতি তো দয়াবান মানুষ, আমাদের বিশ্বাস তিনি ক্ষমা করে দেবেন।’

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিভিন্ন জেলা-উপজেলা থেকে অনেকগুলো তথ্য আসে যে বিএনপি নাশকতা করার সরঞ্জাম জমা করছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। এ তথ্যের ভিত্তিতেই জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করতে পুলিশকে সতর্ক হতে হয়েছে। নিরাপত্তা বাহিনীকে সারা দেশে কঠোর অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।