জনগণকে বোকা বানাচ্ছে আ.লীগ: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নির্বাচিত সরকার নয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দেশের বেশির ভাগ ভোটার ভোট দিতে ভোটকেন্দ্রে যাননি। এই সরকার আগে উন্নয়ন পরে গণতন্ত্রের দোহাই দিয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে। এ সরকার দেশের মানুষের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। দেশের মানুষের স্বার্থে এদের ক্ষমতা থেকে সরাতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন চত্বরে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকার বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অসংখ্য নেতা-কর্মী ও সমর্থককে গুম করেছে। এরা কানাডা, মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ বানিয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘তিস্তায় একসময় প্রচুর মাছ পাওয়া যেত, তিস্তার পানি দিয়ে কৃষকেরা আবাদ করতেন। এখন তিস্তা নদীতে পানি নাই। দেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দিল্লিতে গেলেন। সবাই ভাবলেন ভারতের সঙ্গে বাংলাদেশের তিস্তা নদীর পানির বিষয়ে চুক্তি হবে। কিন্তু সেই চুক্তি হলো না। এ নিয়ে এ সরকারের তেমন কোনো মাথাব্যথা নেই। ভারত শুধু বলছে, এই সরকারের আমলেই চুক্তি হবে। এসব মনভোলানো কথা, আমরা চুক্তি হয়েছে সেটা দেখতে চাই।’ তিনি বলেন, ‘...দেশের অবস্থা যে ভালো নেই, দেশে যে আইনের শাসন নেই, সে কথা শুধু আমরাই বলি না, দেশের প্রধান বিচারপতিও এখন সে কথা বিবেকের তাড়নায় বলতে বাধ্য হচ্ছেন।’

সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেন, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বিএনপি নেতা ব্যারিস্টার হাসান রাজিব প্রধান প্রমুখ।

বেলা সাড়ে তিনটায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অধিবেশনে আসাদুল হাবিবকে সভাপতি ও হাফিজুল ইসলাম বাবলাকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।