প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আস্থা অর্জনে তাদের সামনে সরকারের সাফল্য তুলে ধরতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন নেতারা গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনাদের দলের প্রতীক নিয়ে জনগণের কাছে প্রতিনিয়ত যেতে হবে। তাই জনগণের আস্থা অর্জন জরুরি। তাদের বলতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে এবং জনগণ শান্তি ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবে।’
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী এই বিপদ সম্পর্কে জনগণকে সচেতন করতে যথাযথ ভূমিকা পালনে নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি নগরীর সর্বত্র সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সদা সতর্ক থাকার এবং যেকোনো স্থানে এমন কোনো দুর্বৃত্তের সন্ধান পেলে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে জানানোর জন্যও তাঁদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘নেতৃত্ব শুধু বক্তৃতা দেওয়ার জন্য নয়। জনগণের প্রতি দায়িত্ব পালন এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে।’ ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে সহনশীলতা খুবই গুরুত্বপূর্ণ।
নতুন নেতাদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা পূর্বসূরিদের সঙ্গে আলাপ-আলোচনা করে নগর ইউনিট, থানা ও ইউনিয়নগুলোতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তৃণমূলের কর্মীরা সব সময় আদর্শ লালন করেন, তাঁরা সংগঠনকে রক্ষা করেন এবং কঠিন সময়ে তাঁদের নিবেদিতপ্রাণ ভূমিকার জন্য আওয়ামী লীগ এখন শক্তিশালী।
ঢাকা উত্তরের সভাপতি এ কে এম রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক সাদেক খান এবং ঢাকা দক্ষিণের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন। এ সময় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও ফারুক খান, আবদুর রাজ্জাক, আবদুস সোবহান এবং ৩৯টি থানা ও ১৩টি ইউনিয়ন কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।