জনগণের চুক্তি গোপন রাখার কিছু নেই: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তথ্যপ্রযুক্তির যুগে ভারতের সঙ্গে চুক্তি করে গোপন করার কিছু নেই। চুক্তি হবে বাংলাদেশের জনগণের জন্য। গোপন রাখার কাজ শেখ হাসিনা করবেন না।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সম্মেলনের সমাপনী দিনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ঊষাতন তালুকদার।
পরে সন্ধ্যায় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক সূত্রে জানা গেছে, ভারত সফর শেষে দেশে ফেরার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। এ বিষয়ে প্রস্তুতিও চলছে। এর আগে সকালে ১৪ দলের বৈঠকেও সংবর্ধনার বিষয়ে আলোচনা হয়। তবে ১৪ দল যৌথভাবে, নাকি আওয়ামী লীগ এককভাবে সংবর্ধনার আয়োজন করবে—এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, তিনি মাঝে মাঝে অন্ধকারে ঢিল ছোড়েন। আগে ভারতের সঙ্গে চুক্তি হোক, দেখেন, তারপর বলেন, দেশবিরোধী চুক্তি কি না। চুক্তি তো গোপন করার কিছু না।