জনগণের দৃষ্টিকে ঝাপসা করতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী (তনয়) হত্যাকাণ্ডের পর বিএনপি-জামায়াতকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে খালেদা জিয়া বলেছেন, সরকারপ্রধান যতই উচ্চ স্বরে বক্তব্য দিয়ে বিভ্রান্তি তৈরি করুন না কেন, জনগণের দৃষ্টিকে ঝাপসা করতে পারবেন না। সব হত্যার দায় এ সরকারকেই নিতে হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এসব কথা বলেন। এর আগে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, সন্ত্রাসনির্ভর এই সরকার সন্ত্রাসের অন্ধ গলিতে পথ হারিয়ে এখন উন্মাদের মতো কথা বলছে।

খালেদা জিয়া তাঁর বিবৃতিতে ঢাকায় জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী এবং গাজীপুরে কারারক্ষী রুস্তম আলী খুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান ভোটারবিহীন সরকারের সহিংস রক্তপাত ঘটানো ছাড়া তাদের টিকে থাকার অন্য কোনো পথ খোলা নেই। তাই খুন-জখম টিকিয়ে রাখাকেই পরিত্রাণের পথ মনে করছে তারা।

বিবৃতিতে ‘যেকোনো হত্যাকাণ্ডকে নিজেদের স্বার্থে অবিশ্বাস্য কল্পকাহিনি রচনা করা আওয়ামী লীগের স্বভাবধর্ম’ মন্তব্য করে খালেদা জিয়া বলেন, বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও বিদেশি হত্যার ঘটনাগুলোতেও সরকার বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছে। সরকারের এই সব অপকৌশল মূলত প্রকৃত ঘটনাকে ধামাচাপা দেওয়া ও আসল অপরাধীদের আড়াল করা।