জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: শাহাদাত
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, পুলিশ কর্মকর্তার স্ত্রীকে প্রকাশ্যে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যেতে পারলে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গী বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রমজানে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়ে শাহাদাত হোসেন বলেন, বাজারে সরকার নিয়ন্ত্রিত সিন্ডিকেট কাজ করায় পণ্যের দাম বাড়ছে।
নগর বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন দিদারুর রহমান, এম এ হালিম, জাহাঙ্গীর আলম, ইয়াছিন চৌধুরী, কামরুল ইসলাম, মো. সিরাজ উল্লাহ প্রমুখ।