জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি সংঘর্ষে লিপ্ত: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জনগণের পাশে না দাঁড়িয়ে করোনা পরিস্থিতির মধ্যেও বিএনপির নেতা-কর্মীরা সংঘর্ষে লিপ্ত।
‘একটি রাজনৈতিক দল জনগণের পাশে দাঁড়ায়নি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘করোনার মধ্যে কোথায় তারা জনগণের পাশে দাঁড়াবে, মানুষকে সহায়তা করবে, সেটা না করে গতকাল (মঙ্গলবার) বিএনপি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের তথাকথিত কবরে গিয়ে ফুল দেওয়ার নামে মারামারি করেছে, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। এই সময়ে তারা জনগণের পাশে থাকবে, জনগণকে সহায়তা করবে, সেটি না করে ফুল দিতে গিয়ে সেখানে মারামারি করেছে। অর্থাৎ তারা যে সন্ত্রাসের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে নাই, এই করোনার মধ্যেও সেটির বহিঃপ্রকাশ হচ্ছে গতকালকের ঘটনা।’
হাছান মাহমুদ আজ বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। তথ্যমন্ত্রী চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক ও শিল্পীবৃন্দ আয়োজিত এ সভার পাশাপাশি চলচ্চিত্রসংশ্লিষ্টদের করোনা চিকিৎসায় বিনা মূল্যে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন।
হাছান বলেন, ‘এই করোনা মহামারির মধ্যে আজকে যেভাবে সমস্ত পৃথিবী স্তব্ধ হয়েছে এবং সবাই অনুধাবন করতে সক্ষম হয়েছে যে মানুষ ছোট একটি আণুবীক্ষণিক জীবাণুর কাছে কত অসহায়। এই অসহায়ত্বটা এমন যে অনেক অর্থবিত্তও কোনো কাজে আসছে না। এই সময়ে যাঁরা অপরের জন্য সাহায্যের হাত প্রসারিত করেছেন, তাঁদের প্রতি আমি একজন নাগরিক হিসেবে, সরকারের একজন মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে কৃতজ্ঞতা জানাই। এটি জনহিতকর কাজ এবং জনগণকে সাহায্য করার কাজে বাধা দেওয়ার কিছু নেই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে পরিস্থিতি মোকাবিলা করছেন, তার ফলে অনেক উন্নত দেশের তুলনায় আমরা ভালো আছি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশের ৮০ শতাংশ মানুষকে করোনার টিকা দেবেন। ইতিমধ্যে প্রায় দুই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে।’
চলচ্চিত্র প্রযোজক পরিচালক ও পরিবেশক খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে সংসদ সদস্য উম্মে ফাতেমা শিউলি আজাদ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, চলচ্চিত্র ব্যক্তিত্ব আব্দুল লতিফ বাচ্চু, শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ওমর সানী, অনন্ত জলিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, চিত্রনায়িকা নিপুণ ও বর্ষা অনুষ্ঠানে বক্তব্য দেন।