জনগণের বিজয়ের বছর হবে ২০১৫: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন

গণফোরামের সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান লঙ্ঘনের অধিকার কারও নেই। যাঁদের কারণে রাষ্ট্র মানবতাবোধ হারিয়েছে, তাঁদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। মনে রাখতে হবে, ২০১৫ সাল হবে জনগণের বিজয়ের বছর।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত ‘৪৩তম বিজয় দিবস এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, সর্বোচ্চ আদালত দেড় শ বছরে অনেক সুনাম অর্জন করেছিলেন, যা গর্ব করার মতো। সে আদালতকে রক্ষা করতে না পারলে স্বাধীনতা অর্থহীন হবে। সরকারের বিরুদ্ধে আদেশ চেয়ে না পেলে স্বাধীনতা অর্থহীন হবে। তিনি বলেন, ৫ জানুয়ারি কোর্ট খুললে তিনি আদালতে যাবেন। ভবিষ্যতেও যত আদালত অবমাননার শুনানি হবে, সব কয়টিতে তিনি আদালতে যাবেন।
ড. কামাল বলেন, ৫ জানুয়ারি আদালতে গিয়ে তিনি আদালতের অনিয়ম বন্ধে লিখিত আকারে প্রধান বিচারপতিকে চিঠি দেবেন। তিনি বলেন, ‘প্রধান বিচারপতিকে আমি অনুরোধ জানাব এবং আশা করি দুই লাইনে হলেও উত্তর পাব।’ তিনি বলেন, ‘কয়েকজন প্রধান বিচারপতি বেঁচে আছেন। আমি প্রস্তাব করব, তাঁদের নিয়ে কমিটি করে তদন্ত করার।’
ড. কামাল বলেন, ঋণের নামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। শেয়ারবাজার লুট করেও তাঁরা বহাল তবিয়তে আছেন। ক্ষমতা ও অর্থের লোভে এ অমানবিক কাজ করে যাচ্ছেন সরকারের কিছু লোক। তাঁরা বলতে চান, তাঁদের কিছুই হবে না। ১৬ কোটি মানুষ রাষ্ট্রের মালিক। ব্যাংক ও শেয়ার মার্কেট যারা লুট করে, তারা রাষ্ট্রের মালিক না। এখন থেকে সারা দেশে মানবাধিকারের বিরুদ্ধে কোনো কিছু হলে রুখে দাঁড়াতে হবে।
মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মিলু চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিপিবির পলিট ব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক সাংসদ গোলাম মাওলা, মেজর (অব.) সারোয়ার হোসেন।