জনগণের মুখোমুখি তিন মেয়র পদপ্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে পরিচিতি ও জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে সুজন। গতকাল বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে (বাঁ থেকে) মেয়র প্রার্থী মনিরুল হক, শিরিন আক্তার, মামুনুর রশীদ ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার l প্রথম আলো
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে পরিচিতি ও জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে সুজন। গতকাল বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে (বাঁ থেকে) মেয়র প্রার্থী মনিরুল হক, শিরিন আক্তার, মামুনুর রশীদ ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার l প্রথম আলো

উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু। অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি-রব) মেয়র পদপ্রার্থী শিরিন আক্তার নারীদের উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার করেন। আর স্বতন্ত্র প্রার্থী মো. মামুনুর রশীদ নগরের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা ও মহানগর কমিটির উদ্যোগে প্রতিদ্বন্দ্বী মেয়র পদপ্রার্থীদের নিয়ে আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তিন মেয়র পদপ্রার্থী এসব কথা বলেন। দর্শকদের প্রশ্নোত্তর পর্ব, সংক্ষিপ্ত কথামালা আর প্রতিদ্বন্দ্বী মেয়র পদপ্রার্থীদের বক্তব্যে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের একপর্যায়ে তিন প্রার্থী হাত উঁচিয়ে নির্বাচনী পরিবেশ ঠিক রাখার অঙ্গীকার করেন। তবে এই অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা উপস্থিত হননি।

বিকেল চারটায় সুজনের কুমিল্লা জেলা কমিটির সভাপতি মমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। এতে বক্তব্য দেন সুজনের মহানগর কমিটির সভাপতি মো. শফিকুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খান ও সুজনের সমন্বয়ক দিলীপ কুমার সরকার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার।

অনুষ্ঠানে মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু দর্শকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এবার দল ও কুমিল্লার জনগণ আমার সঙ্গে আছেন। নগর ভবনে গিয়ে কোনো দলের কেউ সেবা পাননি, এমনটা বলতে পারবেন না। উন্নয়নের ধারা বজায় রাখার জন্য আমাকে নিশ্চয়ই ভোটাররা মূল্যায়ন করবেন।’

শিরিন আক্তার বলেন, ‘নির্বাচিত হলে কুমিল্লা নগরের উন্নয়নের জন্য কাজ করব। নারীদের জন্য আলাদা কিছু করার চেষ্টা করব।’ মামুনুর রশীদ বলেন, ‘নগরে শিক্ষাপ্রতিষ্ঠান, বেকারত্ব দূর ও রাস্তাঘাট প্রশস্তকরণের কাজ করব। একই সঙ্গে স্টেডিয়াম তৈরি করব।’

অনুষ্ঠানে না থাকা প্রসঙ্গে জানতে আঞ্জুম সুলতানা সীমার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তাঁর প্রচারণায় ছিলেন এমন এক ব্যক্তি বলেন, সকাল থেকেই তিনি প্রচারণায় রয়েছেন। বিকেলেও তিনি গণসংযোগে ছিলেন। ওই কারণে অনুষ্ঠানে উপস্থিত হননি।