জনগণের সহযোগিতা ছাড়া পুলিশ সফল হবে না: সাবের চৌধুরী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট ও সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেছেন, যদি জনগণ পুলিশকে সহযোগিতা না করে, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ এককভাবে সফল হতে পারবে না। সবাইকে অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া কবরস্থান রোডে পুলিশের আয়োজিত মাদকসংক্রান্ত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবের হোসেন চৌধুরী এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথি পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন খাঁন বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রত্যেক নাগরিকের তথ্য পুলিশের কাছে থাকা জরুরি। এ জন্য বিট পুলিশিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, জননিরাপত্তার বিষয়ে ওসির দরজা সবার জন্য সব সময় খোলা আছে।
সভায় আরও বক্তব্য দেন সাবেক সাংসদ মিছির আলীসহ খিলগাঁও এলাকার কয়েকজন কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি