জনতার আদালতে প্রধান বিচারপতির বিচার হবে: হাছান
প্রধান বিচারপতির বিচার জনতার আদালতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির বিরুদ্ধে জনতার আদালত তৈরি হচ্ছে। তাঁর অপরাধের খতিয়ান বের হয়ে আসছে।’
আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে হাছান মাহমুদ এসব কথা বলেন।
প্রধান বিচারপতি এস কে সিনহার উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘আপনি (প্রধান বিচারপতি) এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন অনেক আগে। আপনি শুধু সংবিধান লঙ্ঘনের অপরাধে নয়, শুধু শপথ ভঙ্গের অপরাধে নয়, দুর্নীতিবাজ বিচারকের বিরুদ্ধে দুদকের কার্যক্রম স্থগিত করার অপরাধে দুদক আইনের ৫ ধারা অনুযায়ী অপরাধ করেছেন।’
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ বন্যা কবলিত। বিএনপি নেত্রী খালেদা জিয়া তাঁর ছেলে তারেক জিয়া ও ছেলের বউকে নিয়ে শপিংয়ে ব্যস্ত। আর বিএনপি নেতারা ঢাকায় সকাল, দুপুর ও বিকেলে সংবাদ সম্মেলন নিয়ে ব্যস্ত।
স্বাচিপের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, স্বাচিপের মহাসচিব অধ্যাপক এম এ আজিজ প্রমুখ।