জনতার রায়ের মূল্য দিতে আরিফুল হক ও গউছকে মুক্তি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির নেতারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আয়োজিত প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়।
সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভাস্থলে বোমা হামলার মামলার অধিকতর তদন্তে এই দুই নেতাকে জড়ানোর প্রতিবাদে সিলেট মহানগর বিএনপি এ প্রতিবাদ সভার আয়োজন করে। আরিফুল হক ও জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রতিবাদ সভায় সমবেত হন বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ দিলদার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, নগরের সাধারণ সম্পাদক বদরুজ্জামান, কলিমউদ্দিন আহমদ, মিফতা সিদ্দিকী, সালেহ আমদ খসরু প্রমুখ বক্তব্য দেন।
কারাবন্দী দুই জনপ্রতিনিধি ষড়যন্ত্রের শিকার দাবি করে সভায় বক্তারা বলেন, আরিফুল হক বিপুল ভোটে সিলেটের মেয়র নির্বাচিত হয়েছেন। আর হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছ কারাবন্দী অবস্থায় ফের মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁরা দুজনই জনতার রায়ে নির্বাচিত। অপরাধী হলে জনগণের ভোটে জয়ী হতেন না। তাই জনতার রায়ের মূল্য দিতে আরিফুল হক ও গউসকে মুক্তি দিন।
আরিফুল হক ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে সিলেটের মেয়র নির্বাচিত হন। কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হলে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করেন। একই দিন হবিগঞ্জে জি কে গউছও আত্মসমর্পণ করেন। সেই থেকে দুজন কারাবন্দী। মামলায় অভিযুক্ত হওয়ায় গত বছরের ৭ জানুয়ারি মেয়র পদ থেকে দুজনকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আরিফুল হক ও জি কে গউছ বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাঁদের ২২ জুলাই থেকে সুরঞ্জিতের জনসভায় বোমা হামলার মামলায় আদালতের নির্দেশে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে বলে জানিয়েছেন সিলেট কারাগারের জেলার মাসুদ পারভেজ।