জনদুর্ভোগ সৃষ্টি করে এই আন্দোলন কার স্বার্থে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে সাত দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ থাকায় গোটা নগর বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। ময়লা-আবর্জনার দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে নগরের পরিবেশ। এমন অসহনীয় অবস্থায় সাধারণ নাগরিকদের মধ্যে বাড়ছে ক্ষোভ।
ক্ষুব্ধ কয়েকজন নাগরিক প্রথম আলোকে বলেন, আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করার এমন ঘটনা নজিরবিহীন। তাঁরা বলেন, আন্দোলনকে দীর্ঘায়িত করা ও আন্দোলনকারী নেতাদের অনড় অবস্থান দেখে মনে হচ্ছে, এই আন্দোলন যত না কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে, তার চেয়ে এখানে অদৃশ্য কোনো ব্যক্তিগত স্বার্থ নিহিত আছে।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন এমন অভিযোগও তুলেছেন, এই আন্দোলন আগামী সিটি নির্বাচনকে কেন্দ্র করে কোনো পক্ষের হয়ে সংগঠিত করা হলেও হতে পারে। এর পেছনে ওই ব্যক্তিরা যুক্তি দিয়ে বলেন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া পড়ার ঘটনা নতুন নয়। আগেও এ নিয়ে বেশ কয়েকবার আন্দোলন হয়েছে, নগর ভবন ঘেরাও, অচল করা হয়েছে। আবার সমঝোতাও হয়েছে। কিন্তু সিটি নির্বাচন ঘনিয়ে আসায় হঠাৎ করেই এমনকি পরিস্থিতি সৃষ্টি হলো যে সাধারণ মানুষকে জিম্মি করে এত কঠোর অবস্থানে যেতে হবে?
আন্দোলনের নেতৃত্বদাতাদের অন্যতম বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা দীপক লাল মৃধা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। কারণ, আমি তো আর মেয়র বা কাউন্সিলর পদে নির্বাচন করব না। আর এটা আমার একার আন্দোলনও নয়।’
বেশ কয়েকজন নাগরিক ক্ষোভ প্রকাশ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা নিরীহ মানুষ। সিটি করপোরেশনকে নিয়মিত ট্যাক্স দিই। সেই টাকা দিয়ে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হয়। এখন মেয়র যদি তাঁদের বেতন-ভাতা পরিশোধ করতে ব্যর্থ হন, সে জন্য নগরবাসীকে এভাবে দুর্ভোগ আর কষ্টে ফেলার মানে কী?’
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় সব কটি সড়ক এবং অলিগলিজুড়ে ময়লার স্তূপ। সাত দিন ধরে জমা হওয়া ময়লার দুর্গন্ধে এসব এলাকার লোকজনের স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে।
নগরের বিশিষ্টজনদের মধ্যেও এ নিয়ে নানা মত আছে। জানতে চাইলে বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল গতকাল প্রথম আলোকে বলেন, ‘যেকোনো আন্দোলনে জনদুর্ভোগের বিষয়টি সবারই মাথায় রাখা উচিত। কারণ সাত দিন ধরে নগরে যে অসহনীয় পরিস্থিতি বিরাজ করছে, সেটা অনাকাঙ্ক্ষিত। মেয়রের উচিত নাগরিকদের নিয়ে মতবিনিময় করে পরবর্তী সময়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বসে বিষয়টি যত দ্রুত সম্ভব সমাধান করে ফেলা। জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদুল্লাহ বলেন, কর্মকর্তা-কর্মচারীরা যেটা করছেন, সেটা অন্যায়। আর মেয়র যেটা করছেন, সেটাও অন্যায়। কর্মচারীরা কোনোক্রমেই এমন একটি জরুরি সেবা বন্ধ করে দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেন না। আর মেয়রেরও উচিত ছিল গরিব কর্মচারীদের বেতন-ভাতা যথাসম্ভব পরিশোধ করে বিষয়টি মিটিয়ে ফেলা। এ প্রসঙ্গে মেয়র আহসান হাবিব কামালের বক্তব্য জানতে গতকাল বিকেলে তাঁর মুঠোফোনে ফোন করলে তিনি একটি সভায় ব্যস্ত আছেন বলে জানান তাঁর ব্যক্তিগত সহকারী।
তবে শনিবার রাতে মেয়র আহসান হাবিব কামাল তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা তাঁর কাছ থেকে অনৈতিক পদোন্নতির সুবিধা না পেয়ে আন্দোলনের নামে নগরজীবনে দুর্ভোগ সৃষ্টি করেছেন।