জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন নয়: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো আন্দোলন না করার জন্য অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সড়ক আটকে আন্দোলনের প্রতি ইঙ্গিত করে আজ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘সম্মিলিত শিল্পী সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব ২০১৫ ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী এ অনুরোধ করেন। খবর বাসসের।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দাবি আদায়ের লক্ষ্য আন্দোলন করা সব নাগরিকের গণতান্ত্রিক অধিকার। কিন্তু দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন করার দরকার নেই। রাজপথ অবরোধ করে আন্দোলন করায় গতকাল যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এতে শহরের প্রায় দেড় কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছিল। তাই জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো আন্দোলন আর নয়। আপনারা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আন্দোলন করুন।’
ওবায়দুল কাদের আন্দোলনকারীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যারা আন্দোলন করবেন, তারা আর কখনো রাজপথ অবরোধ করে আন্দোলন করবেন না। কারণ শান্তিপ্রিয় মানুষ এ ধরনের আন্দোলন পছন্দ করে না। এ ধরনের আন্দোলনে সাফল্যের হারও কম থাকে।

ঢাকার যানজট নিরসনে এ ধরনের আন্দোলনকে একটি বড় বাধা হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, গত কয়েকদিনে ঢাকার যানজট পরিস্থিতি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তার মধ্যে এ ধরনের অবরোধ কর্মসূচি যানজট নিরসনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সম্মিলিত সংগীত শিল্পী সোসাইটির উৎসবের উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, শিল্পী সমাজের সম্মিলিত অগ্রযাত্রা দেশের শিল্প-সংস্কৃতিকে সুস্থ ধারায় প্রবাহিত করতে সহায়ক হবে। তাই সুস্থ সংস্কৃতির বিকাশে শিল্পীদের কাজ করে যেতে হবে। তবে সংস্কৃতির বিকাশে তিনি শিল্পীদের উপযুক্ত সম্মানী প্রদানের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে শিল্পীদের উপযুক্ত ভাতা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সম্মিলিত সংগীত শিল্পী সোসাইটি আয়োজিত ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল, মহিলা আওয়ামী লীগ নেত্রী মনোয়ারা চৌধুরী মিনু, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক রাশেক রহমান, শাহবাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাদল হোসেন প্রমুখ। সম্মিলিত সংগীত শিল্পী সোসাইটির আহ্বায়ক আশরাফ উদাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।