জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিতে বিএনপি নেতাদের গ্রেপ্তার: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার শাসক দলের নিজেদের অপরাধের ভারসাম্য আনার অপচেষ্টামাত্র।

আজ বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার পুলিশ নাসিরনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা আমিনুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী জুয়েল, মো. শাহজাহান ও ফারুককে গ্রেপ্তার করে। সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনায় হিন্দু জনগোষ্ঠীর ক্ষোভকে অন্যদিকে সরিয়ে দিতে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে স্থানীয় বিএনপির নেতাদের গ্রেপ্তার করছে। বিএনপির মহাসচিব দলের নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনার দোষ বিএনপির ওপর চাপানোর জন্যই দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মোশাররফ এ অভিযোগ করেন। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, নাসিরনগরে আওয়ামী লীগের নিজেদের মধ্যে আধিপত্যের প্রতিযোগিতায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এখন দোষ চাপাতে বিএনপির নেতাদের জড়ানো হচ্ছে। সেখানকার ইউনিয়ন বিএনপির সভাপতিকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনেরা একটা ঘটনা ঘটিয়ে বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে নেতা-কর্মীদের নির্যাতন-নিপীড়ন করছে।
নেতা-কর্মীদের ভাসানীর আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, দেশ এখন এক যুগসন্ধিক্ষণে। দেশে আজ গণতন্ত্র নেই, বাক্‌স্বাধীনতা, সমাবেশ করার অধিকার নেই।
সভাপতির বক্তব্যে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির গঠিত ‘জাতীয় কমিটির’ সদস্যসচিব বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান অভিযোগ করেন, সরকার সবকিছু থেকে ভাসানীকে বাদ দিতে চাইছে। পাঠ্যপুস্তকেও তাঁর সম্পর্কে কিছু নেই।
আজ বিকেলে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দিরসহ বাড়িঘরে হামলার ঘটনায় আওয়ামী লীগ সরাসরি জড়িত। এ ঘটনার যথাযথ বিচার না হলে সময়মতো বিএনপি এর বিচার করবে। যারা এখন অপরাধীদের বিচার করছে না, তাদেরও বিচার করা হবে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে গয়েশ্বর বলেন, শুধু নাসিরনগর নয়, সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটছে। এ বছর ৪৪৮টি অত্যাচারের ঘটনা ঘটেছে।
শহীদ জিয়া আইনজীবী পরিষদ নামের একটি সংগঠন সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনা সভার আয়োজন করে।