জনপ্রতিনিধিদের জমিদারসুলভ আচরণ চলবে না: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্মরণসভায় উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা l ছবি: প্রথম আলো
ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্মরণসভায় উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা l ছবি: প্রথম আলো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনপ্রতিনিধিদের জমিদারসুলভ আচরণ চলবে না। জমিদারসুলভ আচরণ করা হলে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। জনপ্রতিনিধিদের জনগণের ভালোবাসার মানুষ হতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি স্থানীয় নেতাদের উদ্দেশে বলেন, ‘নেতা নেতা ভাব দেখাইলেই নেতা হওয়া যায় না। দলের কোন্দল আমি মেনে নেব না। কলহ-কোন্দল মিটিয়ে ফেলুন।’
শাকিলের কর্মজীবনের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, চাইলে তিনি বিপুল সম্পদের মালিক হতে পারতেন, কিন্তু মানুষের ভালোবাসা পেতেন না। শাকিল সম্পদ অর্জন না করলেও মানুষের ভালোবাসা অর্জন করেছেন।
স্মরণসভায় উপস্থিত নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে এখন নেতার অভাব নেই, অভাব কর্মীর। মনে হয় আওয়ামী লীগ এখন নেতা তৈরির কারখানা। সবাইকে নেতা হলে চলবে না। আওয়ামী লীগকে কর্মী উৎপাদনের কারখানায় পরিণত করতে হবে। অনেকেই আছেন মৌসুমি নেতা। ক্ষমতায় গেলেই শুধু খাই খাই ভাব। মৌসুমি নেতাদের জনগণ গ্রহণ করবে না।
ময়মনসিংহ মহানগর ও জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মহানগরের সভাপতি এহতেশামুল আলম। বক্তব্য দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী ও ময়মনসিংহের সাংসদেরা।