জনপ্রতিনিধির সামাজিক জবাবদিহি গণতন্ত্র ধরে রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটাধিকার বা নির্বাচনী গণতন্ত্র অকার্যকর হলে জনপ্রতিনিধিদের সামাজিক জবাবদিহি গণতন্ত্রকে ধরে রাখবে। তখন এই ধরনের গণতন্ত্র নিয়ে এগিয়ে যেতে হবে।
গতকাল শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) আয়োজিত ‘ইউনিয়ন পরিষদের সামাজিক জবাবদিহি কৌশল’ শীর্ষক সেমিনারে একাধিক বক্তা এই অভিমত ব্যক্ত করেন। বক্তারা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সামাজিক জবাবদিহির আওতায় আনার ওপর বিশেষ জোর দেন।
মূল প্রবন্ধে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদের ওপর কাজের চাপ অনেক বেশি। কিন্তু সেই পরিমাণ আনুষঙ্গিক সুবিধা তারা পায় না। পরিষদে কেবল একজন সচিব রয়েছেন। যাঁকে পরিষদের ৭৩টি কমিটির সাচিবিক দায়িত্ব পালন করতে হয়। অন্তত একজন হিসাবরক্ষক থাকলে কাজের সুবিধা হতো।
তোফায়েল আহমেদ বলেন, ইউপিতে চেয়ারম্যান ও সদস্যদের জবাবদিহির কাজে নারীদের অংশগ্রহণ খুবই কম। বিশেষ করে ধনী ও মধ্যবিত্ত শ্রেণির নারীরা পরিষদের ওয়ার্ড সভায় যেতে চান না। এ ছাড়া ধর্মীয় কারণেও অনেক নারী সভায় আসেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান বলেন, রাজনীতিবিদেরা ইউনিয়ন পরিষদের জবাবদিহি চান না। সাধারণ মানুষ চায়। রাজশাহীর চিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, সমস্যা তাঁদের জানা। এখন সমাধান দরকার। কিন্তু গবেষণা ও বক্তব্যে সেই বিষয়টি নেই।
বিআইজিডির উপদেষ্টা মনজুর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিআইজিডির গবেষক মির্জা এম হাসান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায় প্রমুখ বক্তব্য দেন।