জনসভা ও গণসংযোগে থাকছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজপথের কঠোর আন্দোলনে যেতে আরও সময় নিতে চায় বিএনপি। আপাতত ‘জনসম্পৃক্ততা বাড়ানো’, কর্মীদের চাঙা রাখা ও দল পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে বলে দলটির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে। এ জন্য আরও এক-দুই মাস ঢাকার বাইরে জনসভা, গণসংযোগের মতো কর্মসূচিতে থাকবে বিএনপি। তবে এ সময়ের মধ্যে কোনো পরিস্থিতির উদ্ভব হলে ‘ইস্যুভিত্তিক’ কর্মসূচিও দেওয়া হবে।
গত ২৭ সেপ্টেম্বর জামালপুরের জনসভায় খালেদা জিয়া বলেছিলেন, ঈদের পর আন্দোলন হবে। আগেও আন্দোলন হয়েছে। এবার ঢাকায়ও হবে। ঈদের দিন অবশ্য তিনি বলেছেন, দিনক্ষণ নির্ধারণ করে আন্দোলন হয় না।
বিএনপির একাধিক সূত্র জানায়, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া রাজপথের আন্দোলনে নামার আগে ঢাকা মহানগর বিএনপিকে শক্তিশালী করতে চান। পাশাপাশি ছাত্রদল, যুবদলের কমিটি পুনর্গঠনও শেষ করতে চান। এ সময়ের মধ্যে ঢাকার বাইরে জোটগতভাবে কিছু জনসভা এবং গণসংযোগ কর্মসূচি পালন করবেন। ৩০ সেপ্টেম্বর ২০-দলীয় জোটের শিরক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে ঈদের পর ঢাকার বাইরে গণসংযোগ কর্মসূচি করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র জানায়, ইতিমধ্যে ঢাকার বাইরে তিনটি জেলায় খালেদা জিয়ার জনসভা করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ২৩ অক্টোবর নীলফামারীতে জনসভার তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কুমিল্লা ও নাটোরে জনসভা হবে, তবে তারিখ চূড়ান্ত হয়নি। ঈদের আগে ব্রাহ্মণবাড়িয়া ও জামালপুরে জনসভা করেছিলেন খালেদা জিয়া। এসব জনসভা ২০-দলীয় জোটের ব্যানারে আয়োজন করা হয়।
বিএনপির সূত্রগুলো বলছে, রাজপথে আন্দোলনে নামার জন্য দল এখনো পুরোপুরি প্রস্তুত নয়। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শিরক পাঁচটি দলের একাংশ করে জোট ছেড়ে চলে গেছে। এ নিয়ে বড় কোনো অসুবিধা না হলেও মনস্তাত্ত্বিক চাপে আছে বিএনপি। দলের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর অবস্থাও ভালো নয়। শ্রমিক দলে ইতিমধ্যে ‘বিদ্রোহী’ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি প্রায় চূড়ান্ত হওয়ার পর গত ১৭ সেপ্টেম্বর রাতে ছাত্রদলের নেতা-কর্মীদের একটি অংশ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। এর পর থেকে ঝুলে আছে ছাত্রদলের কমিটি পুনর্গঠন। যুবদলের কমিটি পুনর্গঠনও থমকে আছে। ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলেও নির্দিষ্ট সময়ে তারা থানা ও ওয়ার্ড কমিটি করতে ব্যর্থ হয়েছে। তার ওপর আছে হাজার হাজার মামলা। এ অবস্থায় এখনই কঠোর আন্দোলনে যেতে চায় না বিএনপি।
অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল প্রথম আলোকে বলেন, বিএনপি-জোটের আন্দোলন চলছে। জনগণ ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দেয়ানি। তারা নির্বাচিত সরকার চায়। জনগণের আকাঙ্ক্ষা পূরণে নানা ‘ফর্মে’ আন্দোলন চলছে। পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করবে আন্দোলনের ধরন কেমন হবে।