জনসভার অনুমতি পায়নি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে আজ বুধবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসভা করার অনুমতি দেয়নি পুলিশ। এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বিএনপি।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে গত সোমবার ডিএমপি কমিশনার ও গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দিয়েছিল বিএনপি। গতকাল দিনভর দলটির নেতারা জনসভার অনুমতি পাওয়ার অপেক্ষায় ছিলেন। সকালে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে। কিন্তু প্রতিনিধিদলকে কিছু জানানো হয়নি।

শহীদ উদ্দিন চৌধুরী গতকাল রাতে বলেন, ‘আমরা ডিএমপির কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি দেখা দেননি। পরে কমিশনারের কার্যালয় থেকে বলা হয়, পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনারের সঙ্গে কথা বলতে। সেখানে গিয়ে জানতে পারি, বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে নাকি আওয়ামী লীগের সমাবেশ আছে। এ খবর শুনে বিস্মিত হয়েছি।’ সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, ‘আমরা ডিএমপির অনুমতির জন্য দিনভর অপেক্ষায় ছিলাম। এখনো অপেক্ষায় আছি। জনসভার অনুমতি না দিলে কালই (আজ বুধবার) পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

গত শনিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে হঠাৎ করে তল্লাশি চালায় পুলিশ। পরদিন বিএনপির স্থায়ী কমিটির সভায় ওই তল্লাশির প্রতিবাদে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার সিদ্ধান্ত হয়। বিএনপির সূত্র বলেছে, জনসভা সফল করতে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা প্রস্তুতি নিয়েছিল। জনসভার অনুমতি পাবে না ধরে নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা ঢাকা মহানগরসহ সারা দেশে থানায় থানায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণার চিন্তা করছেন বলে জানা গেছে।

‘বিদ্যুতের বদলে উপহার লোডশেডিং’

গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা বলে সরকার জনগণকে লোডশেডিং উপহার দিচ্ছে। তিনি অভিযোগ করেন, সারা দেশে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীর মতো বড় বড় শহর-নগরে দফায় দফায় লোডশেডিং হচ্ছে। আওয়ামী লীগ সরকার শুরু থেকেই বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির কথা বলে জনগণের পকেট থেকে লাখো-কোটি টাকা বের করে নিয়ে জনগণকে উপহার দেওয়া হয়েছে এই লোডশেডিং।

রুহুল কবির রিজভী বলেন, পিডিবির ওয়েবসাইটে দেখা যায়, ২১ মে ৮ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন ছিল ৮ হাজার ৮৩০ মেগাওয়াট। তার আগের দিন ২০ মে চাহিদা ছিল ৮ হাজার ৭০০ মেগাওয়াট, উৎপাদন ছিল ৮ হাজার ৮১৯ মেগাওয়াট। এ প্রসঙ্গে ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে আরও তিন-চার বছর লাগবে’ বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ যে বক্তব্য দিয়েছেন তা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘দেখুন সরকারের প্রতিষ্ঠান পিডিবি বিদ্যুৎ নিয়ে এ রকম তথ্য দিচ্ছে, আর প্রতিমন্ত্রী বলছেন ভিন্ন কথা। পিডিবি ডাহা মিথ্যাচার করছে, তারা জনগণকে ধোঁকা দিচ্ছে।’