জনসভার জন্য গাজীপুর অবশ্যই যাব : ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গাজীপুরে জনসভা করার জন্য আমরা অবশ্যই যাব। সরকারের দায়িত্ব হচ্ছে বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশকে নিশ্চিত করা।’
আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনার তদন্ত প্রতিবেদন তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও ২০-দলীয় জোটের পূর্বঘোষিত জনসভাস্থল দুই দিন ধরে ছাত্রলীগ দখল করে নিয়েছে। এটাকে ‘নৈরাজ্য’ অভিহিত করে তিনি বলেন, পুলিশের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ মাঠ দখল করে নিয়েছে।
ফখরুল বলেন, আওয়ামী লীগ অত্যন্ত সংকীর্ণ চিন্তাভাবনা থেকে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য গণতন্ত্রের সব পথকে রুদ্ধ করে দিতে চাচ্ছে। এর পরিণতি সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা আশা করি, এই ভয়াবহ পথ থেকে সরে এসে আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য উদ্যোগ গ্রহণ করবেন। নইলে জাতিকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেওয়া হবে।’
বকশিবাজারের ঘটনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবী উন নবী খানসহ দলের নেতা-কর্মীদের বাসায় তল্লাশীর প্রতিবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সেদিন আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা দেশবাসী দেখেছে। বন্দুক, পিস্তল নিয়ে ছাত্রলীগ আক্রমণ করেছে। ২০০৬ সালের লগি-বৈঠার মতো, সাপ মারার মতো পিটিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, তিনি বলেছেন ছাত্রলীগের কেউ ছিল না। তাঁরা যখন এভাবে সরাসরি অসত্য বক্তব্য দেন, তখন বুঝতে অসুবিধা থাকে না দেশের শাসনব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে।