বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য শিগগির লন্ডনে যাচ্ছেন।
দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, খালেদা জিয়ার লন্ডনে যাওয়া নির্ভর করছে সেখানে তাঁর চিকিৎসকের সাক্ষাৎ সূচির ওপর। এটা ১১, ১২ বা ১৩ আগস্ট হতে পারে। সেখানে তিনি দিন দশেক থাকতে পারেন।
তবে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীদের যুক্তরাজ্যের ভিসা নেওয়ার জন্য গতকাল বিকেলে আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। এখন যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয় ভারত থেকে। ফলে ভিসার প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক দিন সময় লাগতে পারে। তাই ১৪ আগস্টের আগে বিএনপির চেয়ারপারসনের লন্ডনে যাওয়া নিশ্চিত নয়। এ অবস্থায় খালেদা জিয়ার ৭০তম জন্মদিন কোথায় পালন করা হবে, তা নিয়ে কিছুটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে।
যুক্তরাজ্য সফরে বিএনপির চেয়ারপারসন সে দেশের কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন কি না—গতকাল সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাবে আসাদুজ্জামান রিপন বলেন, খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ও দুবার সংসদে বিরোধী দলের নেত্রী ছিলেন। সুতরাং তিনি যে দেশে সফর করবেন, সে দেশের উচ্চপর্যায়ের রাজনীতিকদের সঙ্গে সাক্ষাতের ব্যাপার থাকতে পারে।
এদিকে খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে বিএনপির ভেতরে-বাইরে নানা কথাবার্তা হচ্ছে। বলা হচ্ছে, সামগ্রিক বৈরী পরিস্থিতির কারণে খালেদা জিয়া এবার তাঁর জন্মদিনের আনুষ্ঠানিকতা এড়াতে ১৫ আগস্টের আগে লন্ডনে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন। তিনি খুব অনাড়ম্বর ও ঘরোয়াভাবে দিনটি পালন করেন। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর সঙ্গে এর কোনো প্রাসঙ্গিকতা বা প্রতিদ্বন্দ্বিতা নেই। তাই এটা আলোচনার কোনো বিষয়বস্তু মনে করি না।’
অবশ্য বিএনপির ভেতর থেকে এবং দলের বুদ্ধিজীবীদের একটি পক্ষ এবার খালেদা জিয়ার জন্মদিন পালনে নিরুৎসাহিত করা হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে মো. শাহজাহান বলেন, ‘খালেদা জিয়া একজন দায়িত্বশীল রাজনীতিক। তাঁর জন্মদিন পালনে তাঁকে কারও উৎসাহী বা নিরুৎসাহী করা কতটা শোভন জানি না। তিনি যেখানেই থাকেন, জন্মদিন পালন হবে। এই দিনে নেতা-কর্মীরা তাঁর রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করে থাকেন, এটুকুই।’
এরই মধ্যে খালেদা জিয়ার আইনজীবীরা তাঁর চোখের চিকিৎসার কথা জানিয়ে গতকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকের কাছে বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছেন।