জন্মের আগেই শিশুর মাথায় ঋণের বোঝা চাপাচ্ছে সরকার: মঈন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মঈন খান। ফাইল ছবি

স্বাধীনতার ৫০ বছরে এসে এই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট দিয়েছে, যাকে বলা যায় ‘অধমর্ণের বাজেট’ বা ঋণের বাজেট।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী আবদুল মঈন খান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঈন খান এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান খুদে বার্তায় এ কথা জানান।

মঈন খান বলেন, মোট বাজেটের ৩৫ দশমিক ৫৬ শতাংশ, অর্থাৎ এক-তৃতীয়াংশের বেশিই হলো ঘাটতি, যা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। বিএনপি অতীতে এ দেশকে বৈদেশিক ঋণনির্ভরতা থেকে বারবার বের করে আনার চেষ্টা করেছে। অন্যদিকে আওয়ামী লীগ তাদের বিশৃঙ্খল মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বারবার বৈদেশিক ঋণনির্ভর করেছে, যার ফলে দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের আগেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপছে। এবারের বাজেট তারই চরম বহিঃপ্রকাশ।