জবাব দিতে যুবলীগই যথেষ্ট: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের বোমা হামলা, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং গাড়ি পোড়ানো ও ভাঙচুরসহ সব নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য একমাত্র যুবলীগই যথেষ্ট। তিনি বলেন, যুবলীগ একটি সুশৃঙ্খল ও শক্তিশালী যুব সংগঠন হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের কুকর্মের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।
আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে হানিফ এ কথা বলেন। যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর বাসভবনে বোমা হামলার প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।