জমি বাড়লেও নঈমের কোনো আয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবু নঈম সামসুর রহমান রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র। এবারের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী। দুই নির্বাচনে তাঁর দেওয়া হলফনামার তথ্যে বেশ গরমিল রয়েছে।
এবার মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় আবু নঈম উল্লেখ করেছেন, কৃষি খাত থেকে আয় বন্ধ হয়ে গেছে। গত নির্বাচনের সময় তিনি তিন বিঘা কৃষিজমি থেকে ৫০ হাজার টাকা আয় হয় বলে উল্লেখ করেছিলেন। এবারের হলফনামায় পাঁচ বিঘা জমি আছে বলা হলেও এ খাত থেকে কোনো আয় দেখানো হয়নি।
বিএনপির পৌরসভা শাখার সভাপতি ও মেয়র পদপ্রার্থী আবু নঈম হলফনামায় আরও উল্লেখ করেছেন, এবার তাঁর হাতে ৪ লাখ ৭১ হাজার ৫৪ টাকা রয়েছে। ব্যাংকে কোনো টাকা নেই। এর আগেরবার পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার সময় তিনি নগদ এক লাখ ও ব্যাংকে জমানো চার লাখ টাকার কথা হলফনামায় উল্লেখ করেছিলেন। ওই সময় তাঁর ব্যাংকে ঋণ না থাকলেও এবার তিন লাখ টাকার ব্যাংকঋণ দেখানো হয়েছে। গত নির্বাচনের সময় তাঁর পাঁচ ভরি স্বর্ণ, রঙিন টেলিভিশন ও একটি ঘড়ি ছিল। এবার নিজের নামে থাকা দুই ভরি ও স্ত্রীর নামে থাকা এক ভরি স্বর্ণ কমে গেছে।
তাঁর ব্যবসা-বাণিজ্যেও লাভ অর্ধেক কমে গেছে। গত নির্বাচনের সময় ব্যবসা থেকে চার লাখ টাকা আয় দেখানো হলেও এবার তা দেখানো হয়েছে ২ লাখ ৯০ হাজার টাকা।
গতকাল বুধবার নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন ভোটার প্রথম আলোকে বলেন, আবু নঈমের হলফনামায় দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অনেক অমিল রয়েছে। তাঁরা প্রশ্ন তোলেন, গত নির্বাচনের সময় দেওয়া হলফনামায় তিন বিঘা কৃষিজমি ও সেখান থেকে ৫০ হাজার টাকা আয় দেখানো হলেও এবার তাঁর কৃষিজমি বৃদ্ধি পাওয়ার পরও কেন সেখান থেকে কোনো আয় হলো না? এতেই বোঝা যায়, তিনি অনেক তথ্যই গোপন রেখেছেন।
জানতে চাইলে আবু নঈম বলেন, জমিতে চাষাবাদ করতে পারেন না। তাই কোনো আয় হয়নি। তিনি এ-ও বলেন, হলফনামায় মিথ্যা কোনো তথ্য দেননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, কোনো প্রার্থী হলফনামায় ভুল তথ্য দিলে বা তথ্য গোপন রাখলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখা হবে।