জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের উপনির্বাচন ঘিরে প্রচারণা জমে উঠেছে। গতকাল বুধবার নীলফামারী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোকছেদুল ইসলাম ঢাকা থেকে এসে প্রচারণায় অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়কে নৌকা প্রতীকের পক্ষে জনসংযোগ করেন তিনি।
১৬ মে সৈয়দপুর উপজেলা উপনির্বাচন। এই উপজেলার চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার গত ১ মার্চ মৃত্যুবরণ করেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ৫ এপ্রিল শূন্য আসনে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মোখছেদুল মোমিন (নৌকা), বিএনপির শওকত হায়াত শাহ (ধানের শীষ), জাতীয় পার্টির ইলিয়াছ আলী চৌধুরী (লাঙ্গল), ইসলামী আন্দোলনের হাফেজ নুরুল হুদা (হাতপাখা) ও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) আবদুল মুনতাকিম।
সরেজমিনে ঘুরে প্রার্থীদের সরব প্রচারণা দেখা গেছে। চায়ের স্টল, হাটবাজারে চলছে তুমুল জনসংযোগ। প্রার্থীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা চালাচ্ছেন। তবে আওয়ামী লীগের পক্ষে এখনো কোনো হেভিওয়েট নেতাকে মাঠে দেখা যায়নি। এ পর্যন্ত মাঠে দেখা গেছে, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার সেকেন্দার আলীকে। আইনজীবী মোকছেদুল ইসলামও গতকাল থেকে নৌকার হয়ে প্রচারণায় নেমেছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৭ এপ্রিল সৈয়দপুরে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নেন। তিনি সৈয়দপুরে বিএনপির কার্যালয়ের সামনে এক পথসভায় বক্তব্য দেন। এর আগে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু সৈয়দপুরে এক কর্মিসভায় বক্তব্য দেন। একই সঙ্গে তিনি বিএনপির প্রার্থীর জন্য ধানের শীষে ভোট চান।
এদিকে স্থানীয় সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী লাঙ্গলের পক্ষে গোপনে প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ করব না।’ কাজেই প্রকাশ্যে প্রচারণায় অংশ নেবেন না বলে জানান তিনি।