জয়কে অপহরণের চেষ্টার আলোচনাকে 'কল্পকাহিনি' বলল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহ উদ্দিন আহমেদ। ফাইল ছবি
সালাহ উদ্দিন আহমেদ। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর ছেলে ও তাঁর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অপহরণ চেষ্টার আলোচনাকে ‘কল্পকাহিনি’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। আজ সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘অনির্বাচিত সদস্যদের বৈকালিন (বৈকালিক) আড্ডায় বিকাশ মার্কা এমপিদের অলস সময়ের আলোচনায় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় সাহেবের অপহরণবিষয়ক কল্প-কাহিনির সাথে বিএনপি হাইকমান্ড জড়িত বলে নানা চটুল বাক্যালাপ করা হয়েছে। আমরা এজাতীয় বালখিল্যপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে এ জাতীয় বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতাসুলভ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
মানবাধিকার লঙ্ঘনের প্রতিযোগিতায় বাংলাদেশ শীর্ষ অবস্থানে, মন্তব্য করে সালাহ উদ্দিন আহমেদ বলেন, এর পরিণামে দেশ ও জাতি অস্তিত্ব সংকটে পড়ার শঙ্কায় রয়েছে। তিনি বলেন, ‘জাতিসংঘ, ইইউ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ সকল জাতীয় ও আন্তর্জাতিক মহল বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করলেও সরকারÿক্ষমতার উত্তাপে নির্বিকার। মুক্তিযুদ্ধের চেতনাকে বুলেটবিদ্ধ করে আওয়ামী লীগ জনগণের ব্যালটের অধিকার হরণ করেছে। গণতন্ত্রের বদলে ব্যক্তিতন্ত্র প্রতিষ্ঠার অবাস্তব নীলনকশা বাস্তবায়নের ষড়যন্ত্র ইতোপূর্বে বাকশাল প্রণয়নের মাধ্যমেও সফল হয়নি; এখনো হবে না।’
সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘অবশেষে বাংলাদেশের সর্বজনস্বীকৃত ঘৃণ্য স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদও প্রধানমন্ত্রীকে তার চাইতে বড় স্বৈরাচারের সনদ প্রদান করলেন গতকাল। গৃহপালিত বিরোধী দলের আসনে বসলেও তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে পতাকা উড়িয়ে বেড়ান। তিনি ৫ জানুয়ারির বিনা ভোটের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও তাকে জোরপূর্বক ধরে এনে সংসদ সদস্যের শপথ পাঠ করানো হয় এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর দূত বানানো হয়েছে। হত্যার রাজনীতিতে পারদর্শিতার কারণে শেখ হাসিনার এই সনদপ্রাপ্তি ও স্বীকৃতি দেশের বিদ্যমান পরিস্থিতির ভয়াবহতা নিরূপণে সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক মহলকে সহায়তা করতে পারে।’