দুজন আহত, পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে আগুন
জয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
রাজধানীর আদাবরে গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জয়ী ও পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। রাত নয়টার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে এখন পর্যন্ত অভিযান চালিয়ে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। সারা রাত অভিযান চলবে।
সংঘর্ষে আহত দুজন হলেন আসলাম ইসলাম ওরফে সায়মন (২২) ও রিকশাচালক মো. শহীদ (২৫)। তাঁরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর আবুল হাশেম ওরফে হাসুর সমর্থক বলে জানা গেছে। নির্বাচনে হাশেমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ-সমর্থিত আরিফুর রহমান।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের আগে থেকেই হাশেম ও আরিফুরের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। নির্বাচনের পর দ্বন্দ্ব আরও বাড়ে। এর জের ধরে গতকাল সকালে হাশেমের সমর্থকেরা আরিফুরের কয়েকজন সমর্থকের ওপর হামলা করেন। বিকেলে আরিফুরের সমর্থকেরা হাশেমের সমর্থকদের ওপর পাল্টা হামলা চালান। এ সময় দুই পক্ষের সংঘর্ষে ওই দুজন আহত হন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে।
আদাবর থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, হামলার পর বিকেলে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। তখন ওই এলাকায় সাদাপোশাকে ব্যক্তিগত কাজে যাওয়া আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রণজিৎ কুমারের ব্যক্তিগত মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।