জয়ী হতে মরিয়া আ.লীগ সামনে দুই বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ জাতীয় পার্টির (জাপা) ও উপজেলা চেয়ারম্যান বিএনপির হওয়ায় ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ। কিন্তু নিজ দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর অনড় অবস্থান ও শক্তিশালী বিএনপি প্রার্থী থাকায় কঠিন পরীক্ষা দিতে হবে আওয়ামী লীগ প্রার্থীকে।
গতকাল বৃহস্পতিবার ত্রিশাল পৌর এলাকার ভোটার, আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী এবং প্রার্থীদের সঙ্গে কথা বলে পৌর নির্বাচনের এমনই চিত্র পাওয়া যায়।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল পৌরসভায় আওয়ামী লীগের দুই মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁরা হলেন ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান মেয়র এ বি এম আনিসুজ্জামান ও উপজেলা যুবলীগের বর্তমান সভাপতি জুয়েল সরকার। জুয়েল সরকারের রাজনৈতিক পরিচয়ের বাইরে আরও একটি পরিচয় হচ্ছে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকারের ছেলে। ত্রিশাল আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ রেজা আলীসহ জ্যেষ্ঠ নেতারা জুয়েলকে সমর্থন দেওয়ায় তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ বি এম আনিসুজ্জামান। দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা আনিসুজ্জামানকে মনোনয়ন প্রত্যাহার করার অনুরোধ করছেন। কিন্তু আনিসুজ্জামান নির্বাচন করার সিদ্ধান্তে অনড় রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আনিসুজ্জামানকে প্রায় ৩০ জন কর্মী নিয়ে পৌর এলাকার ৭ নম্বরে গণসংযোগ করতে দেখা যায়। আনিসুজ্জামান অনড় থাকায় বিপাকে পড়েছেন আওয়ামী লীগ প্রার্থী জুয়েল সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, ত্রিশাল পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীর জয়ের জন্য মরিয়া দলের নেতারা। কারণ আসন ভাগাভাগির জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে সাংসদ নির্বাচিত হন জাতীয় পার্টির এম এ হান্নান।
উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়নাল আবেদিনের কাছে হেরে যান জুয়েল সরকারের বাবা আবদুল মতিন সরকার। তাই জুয়েলের জয় এখন ত্রিশালে আওয়ামী লীগের জনপ্রতিনিধিত্ব থাকার লড়াই হয়ে দাঁড়িয়েছে।
আবদুল মতিন সরকার ও জুয়েল সরকার বলেন, দলীয় প্রার্থীকে জয়ী করতে সবাই কাজ করে যাচ্ছেন। কোনো বাধা তাঁদের জয় আটকাতে পারবে না।
মতিন সরকার আরও বলেন, দল থেকে আনিসুজ্জামানকে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হলেও তিনি করছেন না। কেউ যদি কথা না শোনে তাহলে তো আর কিছু করার নেই।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘পাঁচ বছর মেয়র হিসেবে আমি পৌরসভার উন্নয়নে নিবেদিত ছিলাম। কেন আমি মনোনয়ন পেলাম না, সেটি আমি নিজেও বুঝতে পারি না। কেউ হয়তো কেন্দ্রে প্রভাব বিস্তার করে আমাকে মনোনয়নবঞ্চিত করেছেন। আমি নির্বাচনে থাকার সিদ্ধান্তে অনড় রয়েছি।’
পৌরসভার কয়েকজন বািসন্দা জানান, আওয়ামী লীগের দুই প্রার্থীর (একজন স্বতন্ত্র) মধ্যে ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার শঙ্কা আছে। পৌর নির্বাচনে যেহেতু ভোটার সংখ্যা কম, তাই এখানে পার্থক্য গড়ে ওঠা খুব সহজ। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের জয়ের সম্ভাবনা অনেক বেশি।
নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন সিরাজুল ইসলাম। তবে তাঁরা এখনো পর্যন্ত ভোটারদের মধ্যে তেমন আলোচনার জন্ম দিতে পারেননি। জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নানের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠায় জাতীয় পার্টির ভাবমূর্তি অনেকটা নষ্ট হয়ে গেছে বলে মনে করেন ভোটাররা।
তবে শফিকুল ইসলাম ভাবমূর্তি নষ্ট হওয়ার বিষয়টি মেনে না নিয়ে প্রথম আলোকে বলেন, ‘মানুষের মন তো আর আগে থেকে বোঝা যায় না। আমি মানুষের সেবা করার সুযোগ পেতে নির্বাচনে অংশ নিয়েছি। মানুষ যদি আমাকে চায়, তাহলে ভোট দেবে।’