জরুরি বৈঠক ডেকেছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে আগামীকাল ১৪৪ ধারা জারি করা ও দলের নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সন্ধ্যা সাড়ে ছয়টায় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৈঠক শেষে রাত নয়টায় সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করে দলীয় অবস্থান জানাবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামীকাল শনিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সমাবেশ করার কথা। তবে এই জনসভা প্রতিহত করার সিদ্ধান্তে অনড় রয়েছে ছাত্রলীগও। গতকাল বৃহস্পতিবার সেখানে লাঠিমিছিল করেছে ছাত্রলীগ-যুবলীগ। এ নিয়ে যুবলীগ, ছাত্রলীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

উদ্ভূত এই পরিস্থিতিতে আজ পুরো জেলায় ১৪৪ ধারা জারি করেছে গাজীপুর জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

প্রশাসনের এ সিদ্ধান্তের পরপরই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘সমাবেশের অনুমতি থাকা সত্ত্বেও গাজীপুর জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। কারণ সেখানে বিএনপির নেত্রী খালেদা জিয়া বক্তব্য দেবেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ যদিও তিনি সকালে বলেছিলেন, ‘গাজীপুরে জনসভা করার জন্য আমরা অবশ্যই যাব। সরকারের দায়িত্ব হচ্ছে বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশকে নিশ্চিত করা।’

আজ ভোর ছয়টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর আয়েশা কমপ্লেক্সের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়।

গয়েশ্বরকে গ্রেপ্তার ও গাজীপুরে প্রশাসনের ১৪৪ ধারা জারির সিদ্ধান্তের পর করণীয় ঠিক করতে বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। আর বিএনপির সিদ্ধান্তের পরই সিদ্ধান্ত জানাবে গাজীপুর জেলা ছাত্রলীগ।