জলঢাকা পৌর মেয়রের কৃষক লীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা পৌরসভার বর্তমান মেয়র ইলিয়াছ হোসেন গত মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে আওয়ামী কৃষক লীগে যোগ দিয়েছেন। তিনি উপজেলার জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তাঁর নেতৃত্বে জাতীয় পার্টির তিন শতাধিক নেতা-কর্মী ও সমর্থক একই মঞ্চে কৃষক লীগে যোগ দেন।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী ও কৃষক লীগের কয়েকজন নেতা বলেছেন, ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের টিকিটে ইলিয়াছ এবারও মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করবেন। এই উদ্দেশ্যেই তিনি কৃষক লীগে যোগ দিয়েছেন।
মঙ্গলবার রাত আটটার দিকে জলঢাকা ডিগ্রি কলেজ চত্বরে কৃষক লীগ আয়োজিত এক সমাবেশে মিছিল নিয়ে উপস্থিত হন মেয়র ইলিয়াছ। সেখানে উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তিনি কৃষক লীগে যোগ দেন।
ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ‘আমি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। আমার দাদা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।’