জলঢাকায় জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচারণার প্রথম দিন গতকাল বুধবার জনসংযোগের মাধ্যমে জলঢাকা পৌর এলাকায় ব্যস্ত সময় পার করেছেন পৌর নির্বাচনের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রতীক ছাড়াই দোয়া নিয়ে ভোট চেয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন তাঁরা।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্বাচনের ২১ দিন আগে প্রচার-প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। সে হিসেবে গতকাল থেকে জনসংযোগ শুরু করেন তাঁরা। দুপুরে পৌর এলাকার চেরেঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ ওরফে বাহাদুর মুরব্বিদের দোয়া নিচ্ছেন। বিভিন্ন বাসায় গিয়ে ভোটারদের সঙ্গে হাত মেলাচ্ছেন।
এ সময় আবদুল ওয়াহেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। দলীয় প্রার্থী হিসেবে জনসংযোগ করছি।’
এর আগে সকালে উপজেলা শহরের ডালিয়া সড়কে জনসংযোগ করতে দেখা যায় বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল ওরফে কমেটকে। তিনি বলেন, ‘এখন জনসংযোগ করছি। প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচারণায় নামব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রচারণা চালাতে এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। এ অবস্থা থাকলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। তবে দুই-একজন প্রার্থী আমার কর্মী-সমর্থকদের বলছেন, কেন্দ্রে নাকি আমাদের এজেন্ট থাকতে দেবেন না।’
সেখান থেকে একটু দূরে ডালিয়া সড়কে দেখা হয় আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী জলঢাকার পৌর মেয়র ইলিয়াস হোসেনের সঙ্গে। সেখানে তিনি জমিজমা-সংক্রান্ত একটি সালিস করছিলেন। তিনি বলেন, ‘আমি এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু করিনি। তবে জনসংযোগ চলছে।’
বিকেলে জলঢাকা পৌর এলাকার রাজারহাট এলাকায় গিয়ে কথা হয় জলঢাকা পৌর জামায়াতের আমির স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল থেকে দুটি জানাজায় অংশ নিয়ে তারপর একটি দোয়া পড়ার দাওয়াত খেয়ে এখানে এসেছি।’ তিনি আরও বলেন, ‘সরকার দুইভাবে নির্বাচন করছে, দলীয় ও স্বতন্ত্র। যেহেতু আমরা ব্যতিক্রম সে হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। প্রতীক জগ চেয়েছি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, ‘আজ থেকে প্রতীক ছাড়া প্রার্থীরা তাঁদের প্রচারণা চালাতে পারবেন। প্রচারণার কাজে কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। তবে এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাইনি।’