নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল মুরাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন।
বেসরকারি ফল অনুযায়ী, ভাইস চেয়ারম্যান পদে জামায়াত নেতা ফয়সাল মুরাদ টিউবওয়েল প্রতীকে ৪১ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১৩৩ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী উপজেলা জাসদের সভাপতি গোলাম আজম তালা প্রতীকে ১৪ হাজার ১৩৩ ভোট পেয়েছেন। উপজেলার ৮৩টি কেন্দ্রে ২ লাখ ৩০ হাজার ৫৯৪ ভোটের মধ্যে ৭১ হাজার ১৬১ ভোট পড়েছে। এর মধ্যে ৪২২টি ভোট বাতিল হয়েছে। ভোট প্রদানের হার ৩০ দশমিক ৮৬।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় মুঠোফোনে বলেন, ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেসরকারি ফলাফলে ফয়সাল মুরাদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
গতকাল সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি কেন্দ্রই ফাঁকা। বিচ্ছিন্নভাবে ভোটাররা কেন্দ্রে রয়েছেন। ভোটারদের লাইন খুব একটা চোখে পড়েনি। ভোটার উপস্থিতি কম থাকায় নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিরা অলস সময় পার করেন।
উপজেলার খুটামারা ইউনিয়নের হরিশচন্দ্র পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোটারবিহীন কেন্দ্রে অলস সময় পার করছেন নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা। এক–দুজন করে ভোট দিতে আসছেন। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬১৮। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৯০টি।
দুপুর ১২টার দিকে মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে একই চিত্র দেখা যায়। ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৫১। ১২টা পর্যন্ত সেখানে ভোট পড়ে ৪০০।
২০১৬ সালের ২৮ মে জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে পৌরসভার মেয়র পদে নির্বাচন করেন। এ কারণে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়।