৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমি বিএনপির পক্ষ থেকে বলছি, হানিফ সাহেবরা প্রতিহত করুন। আমরা জলপাইয়ের পাতা নিয়ে এগিয়ে যাব। দিবসটি পালন করবই।’
গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ ঘোষণা দেন।
আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের অস্ত্র আছে, রাইফেল আছে, সাজানো আইনশৃঙ্খলা বাহিনী আছে। আপনারা অনেক কিছুই করতে পারেন। কিন্তু মানুষের হৃদয়ের ভেতরে যে দিবসটি পালিত হয়, সেই দিবসটি মুছবেন কী করে?’
বিএনপি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের অনুমতি চেয়েছে গত ২০ অক্টোবর। কিন্তু ৭ নভেম্বর বিএনপির কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এর জবাবে রিজভী বলেন, ‘আমরা বিশ্বাস করি, হানিফ সাহেব যে কথা বলেছেন, এটা তাঁর ব্যক্তিগত বক্তব্য, সরকারের বক্তব্য নয়। সরকার সমাবেশ করতে দেবে, পুলিশও অনুমতি দেবে।’
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা ষড়যন্ত্র: গতকাল এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় ও বসতবাড়িতে তাণ্ডবের ঘটনা ‘মহলবিশেষের গভীর ষড়যন্ত্র’। স্থানীয় প্রশাসন দ্রুত তৎপর হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেত।
ফখরুল বলেন, ইতিমধ্যে রসরাজ দাস ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার বিষয়টি অস্বীকার করেছেন। সুতরাং প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় না এনে অরাজক পরিস্থিতির সুযোগ সৃষ্টি হওয়া সন্দেহজনক।
বিবৃতিতে ফখরুল বর্তমান সরকারের আমলে বারবার ইসলাম ধর্ম, মহানবী (স.) ও পবিত্র কাবা শরিফ নিয়ে বিকৃত মন্তব্য অব্যাহত থাকারও তীব্র নিন্দা জানান। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভীও ‘সুপরিকল্পিত’ বলে উল্লেখ করে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।